শিল্পকলায় নজরুলের ‘লেটোগান ও কবিগান’
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত সৃষ্টির অনন্য অধ্যায়কে তুলে ধরতে 'নজরুলের লেটোগান ও কবিগান’ শিরোনামের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই লেটোগান।
নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় আয়োজিত এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগান।
শিল্পকলা জানিয়েছে, বাংলার লোকজ জীবন ও সংস্কৃতির প্রাণরস থেকে নজরুল যে অনন্য ভাষা খুঁজে নিয়েছিলেন, লেটোগান ও কবিগান তারই অন্যতম শিল্পধারা।
এ পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির সৃষ্টির মাটি, মানুষ, প্রেম ও প্রতিবাদের লোকায়ত রূপটি দর্শকের সামনে তুলে ধরা হবে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান।
