Published : 19 Jun 2026, 09:30 PM
জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামানের 'মাস্তুল' সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ জুলাই।
সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানিয়েছেন পরিচালক নূরুজ্জামান; পোস্টারটি ডিজাইন করেছেন প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।
সিনেমার মুক্তি নিয়ে গ্লিটজকে পরিচালক বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীর থেকে শুরু হওয়া 'মাস্তুল' সিনেমার এই যাত্রা বিদেশের নানান প্রান্ত পেরিয়ে এবার এসে পৌঁছেছে দেশের প্রেক্ষাগৃহের দোরগোড়ায়।
তার কথায়. এই সিনেমার মধ্য দিয়ে জাহাজ, নদী আর মানুষের চিরচেনা বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা এক অদেখা জগতের মুখোমুখি হবেন দর্শকরা।
জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি আর বন্দর এলাকার এক পথশিশুকে ঘিরে আবর্তিত হয়েছে মাস্তুল সিনেমার গল্প। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।

সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমানসহ অনেকে।
ব্যস্ত জাহাজ, নদীবন্দর ও জনবহুল মাছবাজারের মত বাস্তব লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। পরিচালক জানিয়েছেন, পেশাদার অভিনেতাদের পাশাপাশি ট্যাংকারে কাজ করা সত্যিকারের খালাসিদেরও কাজে লাগানো হয়েছে।
গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেখানে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পায় ‘মাস্তুল’।
এরপর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।