Published : 08 Sep 2026, 01:58 AM
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হল রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই প্রথম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ইতিহাস গড়ল।
উৎসবের ৮৩তম আসরের ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত এই সিনেমাটির দ্বিতীয় দিনের প্রদর্শনী অনুষ্ঠিত হয় ভেনিসের স্থানীয় সময় রোববার দুপুর সোয়া ২টায়। ভেনিসের সালা দারসেনা থিয়েটারে দেখান হয় সিনেমাটি।
এর আগে শনিবার সিনেমাটির প্রদর্শনী হয়। ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উৎসবের মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে প্রথম প্রদর্শনী ও প্রিমিয়ার হয়।
সোমবার সিনেমাটির দুইটি প্রদর্শনী রয়েছে। ভেনিসের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় অ্যাস্ট্রা-২ থিয়েটারে এবং বিকাল ৫টায় অ্যাস্ট্রা-১ থিয়েটারে সিনেমাটি দেখা যাবে।
গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রায় দুই দশক ধরে এ সিনেমার ভাবনায় কাজ করছেন পরিচালক রুবাইয়াত। শৈশবে পার্লারের শোনা এক গল্প ও স্মৃতি তাকে তাড়া করে ফিরত। সেই স্মৃতি থেকেই ঢাকার একটি বিউটি পার্লার, একটি বিয়ে আর ছোটবেলার এক ভয়ের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এ বিষয়ে পরিচালক রুবাইয়াত বলেছিলেন, “সিনেমাটি দিয়ে আমরা বিউটি বলতে কী বুঝি, সেটাকে প্রশ্ন করতে চেয়েছি। রূপচর্চার এই প্রক্রিয়ার নিচে যে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকে, তা দেখানোর চেষ্টা করেছি। সমাজ যেভাবে পার্লারের মাধ্যমে একটি মেয়েকে কৃত্রিম ছাঁচে নারী হিসেবে ম্যানুফ্যাকচার করে, সিনেমাটিতে সেটাই দেখানো হয়েছে।"
'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমাটির আরেকটি বিশেষ দিক আছে। সেটি হল এর আবহ সঙ্গীত কম্পোজার ছাড়া প্রতিটি বিভাগের প্রধানই নারী। চিত্রগ্রহণ করেছেন পর্তুগালের লিওনর তেলেস (বার্লিনে গোল্ডেন বিয়ার বিজয়ী), প্রধান লাইটিং টেকনিশিয়ানকে ছিলেন ফ্রেদেরিকা আর গোমেজ, সম্পাদনায় ফ্রান্সের রাফায়েল মার্তা হোলগার এবং প্রোডাকশন ডিজাইনে ছিলেন ভারতের জোনাকী ভট্টাচার্য।
চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। দেড় বছর এই প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর অডিশনের মাধ্যমে তাকে প্রধান চরিত্রে বেছে নেওয়া হয়। প্রথম কাজ হলেও জাইনীনের অভিনয়ের প্রশংসা করেন পরিচালক।
এছাড়া সহ অভিনেত্রী হিসেবে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহর পুরো সিনেমায় কোনো সংলাপ নেই, তবে তার পেশাদারিত্বের প্রশংসা করেছেন পরিচালক।
শিমুর জন্য এটি দ্বিতীয়বার ভেনিস উৎসবে যাওয়ার ঘটনা। এর আগে ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন ক্যালকাটা’ সিনেমার মাধ্যমে গিয়েছিলেন তিনি।
চলচ্চিত্রটিতে অতিথি চরিত্রে দেখা যাচ্ছে আজমেরী হক বাঁধন ও দামীর খানকে। সিনেমার কলাকুশলীদের মধ্যে অধিকাংশই উৎসবে যোগ দিয়েছেন।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজ।
চলতি বছরের মধ্যেই ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার সম্পন্ন হবে। আগামী বছরের মধ্যে বাংলাদেশের সাধারণ দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন বলে তথ্য দিয়েছেন পরিচালক।