Published : 18 Feb 2026, 11:03 AM
পরিচ্ছন্নতাকর্মীর সততায় মুগ্ধ হয়ে বাড়ি ডেকে এনে তাকে সোনার হার উপহার দিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্ত।
পরিচ্ছন্নতাকর্মী পদ্মার সঙ্গে রজনীকান্ত দেখা করেন তার চেন্নাইয়ের বাড়িতে।
এনডিটিভি লিখেছে, সম্প্রতি পদ্মা নামের ওই কর্মী কাজের সময় একটি পরিত্যক্ত ব্যাগ খুঁজে পান, যেখানে প্রায় ৪৫ লাখ রুপি মূল্যের সোনার গয়না ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি তার ঊর্ধ্বতনদের জানান এবং ব্যাগটি থানায় জমা দেন। পরে যাচাই-বাছাই শেষে গয়নাগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পদ্মার এই সততার প্রতি সম্মান জানাতেই তাকে সোনার একটি চেইন উপহার দিয়েছেন রজনীকান্ত।
এর পর সোশাল মিডিয়ায় পদ্মার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, “মনের অন্তঃস্থল থেকে পদ্মাকে সম্মান দিচ্ছি একটা সোনার হার দিয়ে। প্রকৃত অর্থেই পরোপকারী মানুষ।”
এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও পদ্মাকে সংবর্ধনা জানান। খুশী হয়ে পদ্মাকে এক লাখ রুপির চেক দেন একই সঙ্গে সমাজে নৈতিকতার দৃষ্টান্ত রাখার জন্য তার প্রশংসা করেন।
চেন্নাইয়ের বেসরকারি সংস্থা উর্বাসার সুমিতের হয়ে দিনমজুর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন পদ্মা। সুমিত জানিয়েছেন, গত চার বছরে তাদের কর্মীরা প্রায় দেড় কোটি রুপি মূল্যের হারানো মূল্যবান সামগ্রী উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন।
সংস্থাটির প্রধান কর্মকর্তা মাহমুদ সাইত বলেন, “আমাদের কাজে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ ব্যবস্থা রয়েছে , যেটি ধাপে ধাপে পরিচালিত হয় এবং আমরা নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব দিই। কর্মীরা যে সেই মূল্যবোধ মেনে চলছেন, তাতে আমরা গর্বিত।”
চলতি বছরের ২৫ জানুয়ারি ভারতের মাদুরাইয়ের ভক্ত রাজিনি শেখরের সঙ্গেও দেখা করেন রজনীকান্ত। ওই ভক্ত রজনীকান্তের নামে একটি খাবারের দোকান চালান, যেখানে পাঁচ রুপিতে খাবার বিক্রি করা হয়। তাকেও একটি স্বর্নের চেইন উপহার দেন অভিনেতা। গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ায় এই পুরস্কার দিয়েছেন তিনি।
মুক্তির অপেক্ষায় আছে পরিচালক নেলসন দিলীপকুমার পরিচালিত রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমা। পাশাপাশি, কমেডি ঘরানার একটি নতুন সিনেমায় কাজ শুরুর কথা রয়েছে তার, যেটি পরিচালনা করবেন সিবি চক্রভার্তী এবং প্রযোজনা করবেন কমল হাসান।