১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘চালচিত্রে’র অপূর্ব

মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমায় অপূর্বর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে।

‘চালচিত্রে’র অপূর্ব
‘চালচিত্র’ সিনেমার পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 08:50 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

আসছে বড়দিনে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সিনেমা ‘চালচিত্র’। মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমায় অপূর্বর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। 

পোস্টারে অপূর্বর মুখে দেখা গেছে খোঁচা খোঁচা দাড়ি, ডান চোখের উপরে থেঁতলানো, মুখে রহস্যময় হাসি। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ফেইসবুকে পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, "তার নাম কেউ জানে না, কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।" 

পোস্টারটি শেয়ার করেছেন অপূর্ব নিজেও।

আগামী ২০ ডিসেম্বর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘চালচিত্র’ সিনেমাটি। 

প্রতিম ডি গুপ্তর পরিচালনায় এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসু।

সিনেমাটি নিয়ে এর আগে অপূর্ব বলেছিলেন, 'চালচিত্র' সিনেমার প্রস্তাব যখন তার কাছে এসেছিল, তিনি কেবল এর চিত্রনাট্য পরখ করে দেখেছিলেন। সিনেমায় নায়িকা কে আছেন বা অন্য অভিনয়শিল্পী কারা, তা ভাবনাতেই আনেননি।

আমি কেবল গল্প দেখে কাজ করিঅপূর্ব

পূজায় নয়কলকাতায় অপূর্বর অভিষেক বড়দিনে

এ সিনেমায় দেখা যাবে, কলকাতা শহরে একের পর এক নারী খুন হচ্ছেন। সেই খুনের তদন্তে নেমে নাজেহাল চার পুলিশ কর্মকর্তা। খুনের তদন্ত ঘিরে এগোবে সিনেমার গল্প।

টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসু অভিনয় করেছেন চার পুলিশের চরিত্রে। আর অপূর্ব খলচরিত্রে।

কলকাতার প্রথম কাজেই খল চরিত্র করতে কেন রাজি হলেন, সেই প্রশ্নে অপূর্ব বলেছিলেন, "নাহ! এত বছর পার করে এসে এসব নিয়ে ভাবি না। যারা নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা এভাবে ভাবেন। আসলে আমি গল্পটা দেখি। আর ‘চালচিত্র’ সিনেমার গল্পটা দুর্দান্ত। ব্যস, আর খুব বেশি ভাবনা চিন্তা করিনি। একটা ভালো সিনেমার অংশ হয়ে থাকতে চাই।"