Published : 25 May 2025, 03:47 PM
রহস্য, প্রেম, অ্যাডভেঞ্চার আর পারিবারিক গল্পের মিশেলে দেশ-বিদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এসেছে বেশ কিছু সিনেমা ও সিরিজ।
গোয়েন্দা কাহিনীর উপর নির্মিত ওয়েব ফিল্ম ‘মির্জা’ দেখা যাচ্ছে বঙ্গতে, প্রেমে অসম্পূর্ণতার গল্প নিয়ে মালায়ালাম সিনেমা ‘অভিলাষাম’ এবং পৌরাণিক রহস্য ঘিরে অ্যাডভেঞ্চারধর্মী ইংরেজি সিনেমা 'ফাউন্টেন অব ইয়ুথ’ এসেছে ওটিটিতে। আরও আছে পারিবারিক টানাপোড়েনের গল্পের তাইওয়ানিজ সিরিজ 'ফরগেট ইউ নট'।
চলতি সপ্তাহের সিরিজ ও সিনেমার খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
গোয়েন্দা গল্পের সিনেমা 'মির্জা'
বঙ্গে চলছে 'মির্জা'। প্রাইভেট ডিটেকটিভ মির্জা গোলাম হাফিজকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প।
যেখানে মির্জা একজন গোয়েন্দা। সাধারণত গোয়েন্দা বলতেই যেমন চিত্র কল্পনায় আসে, মির্জা ঠিক তেমন নন। ৫০ বছর বয়সী মির্জা বেশ মোটাসোটা, দৌড়াতে পারেন না, মারপিট তো দূরের কথা। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ তিনি।
লিজা নামের এক মেয়ে নিখোঁজ হয়, যিনি জমজ দুই বোনের একজন। ওই লিজাকে খুঁজে বের করার অভিযানে নামেন মির্জা।
নানা প্রতিকূলতা আর হাস্যরসে এগিয়ে যায় সিনেমার গল্প। এতে মির্জা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন পারসা ইভানা, দিলরুবা হোসেন দোয়েল, নাঈমা আলম মাহা, আরফান মৃধা শিবলুসহ অনেকে।
প্রেমের গল্পে ‘অভিলাষাম’
মালায়ালাম ভাষার সিনেমা ‘অভিলাষাম’ চলছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। রোমান্টিক ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন শামজু জায়বা। সিনেমার গল্প তৈরি অভিলাষ কুমার নামের এক ব্যক্তিকে ঘিরে।
যিনি তার শৈশবের বন্ধু শেরিনকে ভালোবাসতেন। কিন্তু কখনো তার অনুভূতি প্রকাশ করেননি। অনেক বছর পর অভিলাষ যখন শেরিনের সাথে দেখা করার সুযোগ পান, তখন শেরিন এক সন্তানের মা। তাদের সম্পর্কের এই জটিলতা উঠে এসেছে সিনেমায়।
এতে অভিলাষ কুমারের চরিত্রে অভিনয় করেছেন সাইজু কুরুপ। আরও অভিনয় করেছেন তনভি রাম, অর্জুন অশোকন।
রহস্যের ঘনঘটা 'ফাউন্টেন অব ইয়ুথে'
অ্যাপল টিভি প্লাসে চলছে ইংরেজি সিনেমা 'ফাউন্টেন অব ইয়ুথ'। গাই রিচি পরিচালিত এই সিনেমার গল্প গড়ে উঠেছে এক ঝর্ণা নিয়ে। কথিত আছে যে ঝর্ণার পানি পান করলে মানুষ অমরত্ব লাভ করে।
হাজার বছর ধরে এ ঝর্ণার খোঁজ চলছে। এক সময়ে দুই ভাইবোন সেই ঝর্ণা খুঁজে বের করতে একটি অপরাধ চক্রের সঙ্গে যোগ দেয়। তারা হানা দেয় পৃথিবীর নানা প্রান্তে।
এতে অভিনয় করেছেন জন ক্রাসিনস্কি, নাটালি পোর্টম্যান, এজা গঞ্জালেস।
পারিবারিক গল্পের ড্রামা 'ফরগেট ইউ নট'
শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে তাইওয়ানিজ টিভি সিরিজ 'ফরগেট ইউ নট'। পারিবারিক গল্পের এই সিরিজটি নির্মাণ করেছেন ওয়াংলে ওয়ো জিদে। এতে দেখা গেছে লেলে একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান, পাশাপাশি একটি দোকানে খণ্ডকালীন কাজ করে। স্বামীর সঙ্গে টালমাটাল সম্পর্ক। তার জীবনে অনেক চ্যালেঞ্জ। তবুও সে স্বপ্ন দেখে উন্নত জীবনের। লেলের এই সংগ্রামী জীবনে একমাত্র প্রশান্তির ছায়া তার বৃদ্ধ বাবা। একদিন বাবা পড়ে গিয়ে আহত হয়। এরপর থেকে সারাক্ষণ তার সেবাযত্ন করতে থাকে লেলে। বদলে যেতে থাকে জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। 'ফরগেট ইউ নট' সিরিজে অভিনয় করেছেন সিহ ইং-জুয়ান, চিন হান।