১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনে উত্তর আমেরিকায় হাওয়ার আয় ‘২ লাখ ১৩ হাজার’ ডলার

ইউএস টপ চার্টে সেরার তালিকায় হাওয়া ২৭তম অবস্থানে উঠে এসেছে বলে পরিবেশক সংস্থার ভাষ্য।

চার দিনে উত্তর আমেরিকায় হাওয়ার আয় ‘২ লাখ ১৩ হাজার’ ডলার

‘হাওয়া’ সিনেমার পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 04:49 PM

Updated : 07 Sep 2022, 04:53 PM

দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের বক্স অফিসেও সাফল্য পাচ্ছে বাংলাদেশের সিনেমা হাওয়া, চার দিনে আমেরিকা ও কানাডায় এ চলচ্চিত্র আড়াই কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছে পরিবেশক সংস্থা।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক বুধবার এক ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

আমেরিকা ও কানাডার বিভিন্ন মাল্টিপ্লেক্সের টিকেট বিক্রির হিসাব দিয়ে সেখানে তিনি লিখেছেন, “উত্তর আমেরিকায় মুক্তির চার দিনের মাথায় আমেরিকা ও কানাডা থেকে ২ লাখ ১৩ হাজার ৪৬১ ডলার আয় করেছে হাওয়া।”

সেই সঙ্গে ইউএস টপ চার্টে সেরার তালিকায় হাওয়া ২৭তম অবস্থানে উঠে এসেছে বলে সপ্তকের ভাষ্য।

তিনি লিখেছেন, “বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ‘হাওয়া’ ইউএস টপ চার্ট-এ জায়গা করে নিয়েছে! জি, আপনি ঠিক পড়ছেন। ব্যবসার শক্তি দিয়ে আমাদের সিনেমা পৃথিবীর এক নম্বর টপ চার্ট এ ঢুকে পড়েছে। তাও আবার সেরা ৩০-এ!

“খুবই অবিশ্বাস্য লাগছে, তাই না? আমারও বেশ সময় লেগেছে বিশ্বাস করতে। কিন্তু, এ ঘটনাটি ঘটে গেছে। বাংলাদেশের একটি সিনেমা এ ঘটনাটি ঘটিয়ে ফেলেছে।”

আমেরিকার মাটিতে আয়ের হিসাব তুলে ধরে তিনি লিখেন, “প্রথম চার দিনে (লেবার ডে লং উইকেন্ডে) ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন ২ লাখ ১৩ হাজার ৪৬১ ডলার। কানাডায় ৮৬,৩১২ ডলার, আমেরিকায় ১২৭,১৪৯ ডলার।”

Image

কানাডার টরেন্টোতে চলছে ‘হাওয়া’

দর্শকের হিসাব দিয়ে স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট লিখেছেন, এখন পর্যন্ত হাওয়া দেখে ফেলেছেন ২৫ হাজার ৪৪৪ জন। এর মধ্যে কানাডায় দেখেছেন ৯ হাজার ৯৩০ জন, যুক্তরাষ্ট্রে দেখেছেন ১৫ হাজার ৫১৪ জন।

“বাংলাদেশি সিনেমা বিবেচনায় এই সংখ্যা যে কত বিশাল, তা বুঝতে পারবেন, যখন উত্তর আমেরিকার বক্স অফিসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা বাংলাদেশি সিনেমা ‘দেবী’র আয়ের সঙ্গে একে মেলান।

“২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দেবী’র লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল ১ লাখ ২৫ হাজার ৪১৪ ডলার। ‘দেবী’র সম্পূর্ণ আয় ‘হাওয়া’ মাত্র তিন দিনেই অতিক্রম করে গেছে। ‘হাওয়া’র তিন দিনের আয় ১ লাখ ৫৯ হাজার ৭৫২ ডলার।”

তবে রণবীর কাপুরের সিনেমা ব্রক্ষ্মাস্ত্র মুক্তি পাচ্ছে বলে আগামী সপ্তাহে হাওয়ার হল বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সপ্তক।

তিনি লিখেছেন, “বলার অপেক্ষা রাখে না, এ অসাধারণ সাফল্যের জন্য অনেকগুলো থিয়েটারেই ‘হাওয়া’ দ্বিতীয় সপ্তাহেও চলবে।… কিন্তু আগামী সপ্তাহে আন্তর্জাতিক সিনেমার কোটা থিয়েটারগুলো অবশ্যই ‘ব্রক্ষ্মাস্ত্র’ দিয়ে পূরণ করবে, যা আগে থেকেই বুকড হয়ে আছে।”

গত শুক্রবার কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১৭টি থিয়েটারে মুক্তি পায় সান মিউজিক ও মোশন পিকচার প্রযোজিত, মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’।

চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান অভিনীত সিনেমাটি মাস পেরিয়ে এখনও চলছে বাংলাদেশের বিভিন্ন হলে।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক বলেন, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ইউএস টপ-১০ এ ঢুকেছিল ‘থ্রি ইডিয়টস’। মুক্তির পর প্রথম উইকেন্ডে ৯ নম্বরে ছিল সিনেমাটি।

“আমরা এখন আছি ২৭ নম্বরে, মানে টপ ৩০-এ। আমাদের এরপরের টার্গেট টপ-২০, তারপর টপ-১০। একটা যখন হয়ে গেছে, বাকিগুলোও হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”