২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ মারা গেছেন

মুক্তিযুদ্ধের সময় আলতাফ মাহমুদকে হারানোর পর থেকে একমাত্র মেয়ে শাওন মাহমুদকে নিয়েই চলে সারা মাহমুদের জীবনের আরেক লড়াই।

শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ মারা গেছেন
সারা মাহমুদ। ছবি: শাওন মাহমুদের ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 08:53 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

ভাষার মাসেই চলে গেলেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক সারা আরা মাহমুদ। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি ‘আমার ভাইয়ের ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী। 

রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঢাকায় নিজ বাসাতে সারা মাহমুদের মারা যাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার জামাতা অবসকিউর ব্যান্ডের শিল্পী সাঈদ হাসান টিপু। 

শহীদ আলতাফ মাহমুদ ও সারা মাহমুদ দম্পতির একমাত্র মেয়ে শাওন মাহমুদের স্বামী টিপু বলেন, "কয়েক দিন আগে মায়ের একটা সার্জারি হয়েছিল। 'হিপ জয়েন্ট' ভেঙে গিয়েছিল। সেলাই কাটানোর পর ভালোয় ছিলেন। গত চার দিন ধরে একটু শ্বাস কষ্ট হচ্ছিল। আর উনি তো কিডনি রোগেও আক্রান্ত ছিলেন।

"রোববার সন্ধ্যায় তাকে খাবার খাওয়াতে গেলে দেখা যায়, তিনি আর নি:শ্বাস নিচ্ছেন না।"

সারা মাহমুদ। ছবি: শাওন মাহমুদের ফেইসবুক থেকে নেওয়া।

সারা মাহমুদ

তিনি বলেন, বাসার পাশেই সোমবার বাদ যোহর জানাজা হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

শাওন মাহমুদও ফেইসবুক পোস্টে তার মায়ের মৃত্যুর কথা বলেছেন। তিনি লিখেছেন, “ভাষার মাসেই চলে গেলেন তিনি।”

রাতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার জোহরের পর ইস্কাটনে নূর নগর জামে মসজিদে জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তার মায়ের কবরে সারা মাহমুদকে দাফন করা হবে। 

১৯৭১ সালের ৩০ অগাস্ট পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায় সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে। এরপর শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানের মত তিনিও আর ফিরে আসেননি।

আলতাফ মাহমুদকে হারানোর পর থেকে একমাত্র মেয়ে শাওন মাহমুদকে নিয়েই চলে সারা মাহমুদের জীবনের আরেক লড়াই।

সারা মাহমুদ শিল্পকলা একাডেমিতে ৩৪ বছর কর্মরত ছিলেন। তিনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

১৯৭১ সালে ঢাকার রাজারবাগের উল্টোদিকের বাসা থেকে যখন আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী, সেদিনের ঘটনার সাক্ষীও ছিলেন তিনি। 

সেই বর্ণনা বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সারা মাহমুদ।

সারা মাহমুদের ছোট বোন শিমূল ইউসূফ বাংলাদেশের নাট্যচর্চায় পরিচিত এক নাম এবং 'মঞ্চকুসুম' হিসেবে খ্যাত।