Published : 05 Mar 2026, 12:37 AM
স্পাই থ্রিলার গল্পে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান ‘ক্যাকটাস’ নামের যে ওয়েব সিরিজে অভিনয় করেছেন সেটির ট্রেইলার প্রকাশ্যে এসেছে।
এক মিনিট ১৩ সেকেন্ডের টিজার পোস্ট করে চরকি ফেইসবুকে লিখেছে, "‘ক্যাকটাস এলার্ট', প্রাথমিক ইনভেস্টিগেশনের ভিত্তিতে কিছু চাঞ্চল্যকর ভিডিও আমাদের হাতে এসেছে। আরও বিস্তারিত আসছে খুব দ্রুত। এই ঈদে চরকিতে আসছে ওয়েব সিরিজ 'ক্যাক্টাস', পরিচালনায় শিহাব শাহীন।"

টিজারে দেখা গেছে, মানসিব নামের একজন ব্যক্তি আছেন, যিনি আন্ডারওয়ার্ল্ডে 'ক্যাকটাস' নামে পরিচিত। সে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার (সাইবার অপরাধী) থেকে গ্রে হ্যাট হ্যাকারে রূপান্তরিত হয়। পুলিশের হাতে ধরা পড়ে তার চার বছরের জেলও হয়। কিন্তু ক্যাকটাসকে তার চার বছরের সাজা মাফ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর বিনিময়ে তাকে সরকারের কোনো সাহায্য ছাড়াই একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ গোপন মিশনে অংশ নিতে বলা হয়। মিশনটি করার সময় তাকে সতর্ক করা হয় সে যদি পালানোর চেষ্টা করে তাহলে তার পরিবারের ক্ষতি হতে পারে।
এই 'ক্যাকটাস' চরিত্রে দেখা গেছে প্রীতম হাসানকে। টিজারে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে মেহজাবীনকে। অ্যাকশন দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে, তবে তার চরিত্র নিয়ে ধারণা পাওয়া যায়নি।

এর আগে সিরিজটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন গ্লিটজকে বলেন, "ড্রামা, থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিরিজ এটি। এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে সিরিজের গল্প আবর্তিত হবে। মেহজাবীন ও প্রীতমকে এবার ভিন্নভাবে দেখা যাবে। আশা করছি সিরিজটি সবার বেশ পছন্দ হবে।"
সিরিজের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই।
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু।
দুই বছর আগে এই নির্মাতা প্রীতমকে নিয়ে নির্মাণ করেছিলেন ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’। সেসময় বেশ জনপ্রিয় হয়েছিল সিনেমাটি।
আরও পড়ুন:
প্রীতম–মেহজাবীনকে নিয়ে শিহাবের নতুন সিরিজ