Published : 10 Jan 2026, 06:13 PM
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের সফলতম ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে করা মন্তব্যের সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন মাইলস ব্যান্ডের সদস্য ভোকালিস্ট ও সাবেক ক্রিকেটার হামিন আহমেদ।
হামিন বলেছেন, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালকে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের ‘দালাল’ বলা অভিহিত করা ‘উদ্ধত আচরণ’। এই পরিচালকের অপসারণও দাবি করে করেন ১৯৮৬ সালে জাতীয় দলের হয়ে এসিসিতে খেলা এই ক্রিকেটার ও গায়ক।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া ও সেটির প্রেক্ষিতে আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গত সপ্তাহ থেকে উত্তাল দুই দেশের ক্রিকেট এবং বিভিন্ন মহল।
চলমান এই সঙ্কট নিয়ে তামিম নিজের মতামত জানান মিরপুরে সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে।
তামিম এখন বোর্ডে থাকলে কোন সিদ্ধান্ত নিতেন, সেই প্রশ্ন ছুটে যায় তার দিকে। তিনি বলেন, ভবিষ্যতকে ভাবনায় রেখে তিনি পদক্ষেপ নিতেন।
“মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। কোনো সন্দেহ নেই।
“আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল। তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।”
তামিমের সেই বক্তব্যের একটি ফটোকার্ড সোশাল মিডিয়ায় শেয়ার করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম।
‘ফ্রেন্ডস’ প্রাইভেসিতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।”
মন্তব্যটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেইসবুকে হামিন আহমেদ লিখেছেন, “কে এই বিসিবি পরিচালক তা আমি জানি না এবং বুঝতে পারছি না কীভাবে এমন একজন, যার ক্রিকেটে কোনো অবদান নেই, এমন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে—কেবল টাকা বাঁচাতে, চা, সিঙ্গারা বা ডাবের পানি খরচ কমানোর জন্য!”
“তিনি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালকে ‘দালাল’ বলে অভিহিত করেছেন, একেবারেই অগ্রহণযোগ্য এবং উদ্বত্য আচরণ।”
দীর্ঘদিন ঢাকা প্রথম বিভাগ লীগে খেলা হামিন বলেন, “একজন সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে আমি তার মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এই পরিচালক সস্তা মনোভাবের মানুষ।”
এই পরিচালকের অপসারণ দাবি করে হামিন বলেন, “দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষা করতে হলে বিসিবিকে অবশ্যই তাকে বাদ দিতে হবে।
“পাশাপাশি এই বোর্ড পরিচালককে তামিম ইকবাল এবং দেশের প্রতিটি ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর কাছে ক্ষমা চাইতে হবে। এটি খেলোয়াড় ও দেশের সকল ক্রিকেটপ্রেমীর দাবি।”
বিসিবি পরিচালকের মন্তব্যের পর তামিম কোনো প্রতিক্রিয়া না জানালেও, সোশাল মিডিয়ায় সরব হয়েছেন তামিমের কয়েকজন সতীর্থ। স্পিনার তাইজুল ইসলাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক এবং পেসার তাসকিন আহমেদ তামিমের পাশে দাঁড়িয়েছেন।
তাসকিন বলেন, “দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি।”