১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপুর ভাষ্য, ‘মানুষ মানুষের জন্য’, বুবলী বললেন, কষ্ট দ্বিগুণ হল

নাটক-সিনেমা-সংগীত জগতের অনেক শিল্পীই ত্রাণ দেওয়ার ছবি ও ভিডিও পোস্ট করে সবাইকে যার যার অবস্থান থেকে  বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান রেখে চলেছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 04:27 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলী। 

বন্যা কবলিত এলাকার সব মানুষদের পাশাপাশি শিশুদের জন্য আকুল হওয়া অপু বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠিয়েছেন তার প্রতিনিধিদের হাতে। আর চিড়া-মুড়ি ওষধুপত্র প্যাকেটে ভরে শবনম বুবলী সেসব নিয়ে নিজেই ছুটেছেন নিজের এলাকায় নোয়াখালীতে।

ফেইসবুকে ত্রাণ বিতরণের এসব খবর জানিয়ে দুই নায়িকা সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 

অপু লিখেছেন, বন্যার পানিতে তলিয়ে যাওয়া এলাকার অসহায় বাচ্চাদের কথা তাকে বেশি ভাবায়, কারণ তাদের মধ্যে তিনি তার ছেলে জয়ের মুখ খুঁজে পান।

বন্যার্তদের কাছে গিয়ে ত্রাণ দেওয়ার ইচ্ছে থাকলেও ছোট জয়কে একা ফেলে যেতে পারেননি বলে জানিয়েছেন অপু। 

অপু লিখেছেন, “বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাড়াবে আমাদের সোনার বাংলাদেশ।”

এদিকে নিজের এলাকা নোয়াখালীতে গিয়ে নৌকায় করে ঘুরে ঘুরে মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন বুবলী। 

ত্রাণ দেওয়ার ছবি ও ভিডিও ফেইসবুকে শেয়ার করে বুবলী ফেইসবুকে লিখেছেন, "বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হল। আমার মত করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি।"

বুবলী বলেছেন প্রচুর ত্রাণ ঢাকায় জমা হলেও, যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ার কারণে সেসব সামগ্রী দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

বন্যা শুরুর পর থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের বিনোদন জগতের মানুষেরা। কেউ ত্রাণ নিয়ে ছুটেছে বন্যাদুর্গত এলাকায়, কেউ দিয়েছেন অনুদান। 

নাটক-সিনেমা-সংগীত জগতের অনেক শিল্পীই ত্রাণ দেওয়ার ছবি ও ভিডিও পোস্ট করে সবাইকে যার যার অবস্থান থেকে  বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান রেখে চলেছেন।