Published : 02 Feb 2026, 09:56 PM
সুস্মিতাকে নিয়ে শ্রীলঙ্কায় ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ। কদিন আগে সাগরপাড়ে দুজনের রোমান্টিক ছবি সিয়ামের ফেইসবুকে সাড়া ফেলে।
এই সুস্মিতা অবশ্য কলকাতার নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। আর দুজনে রয়েছেন ঈদের সিনেমা ‘রাক্ষস’র এর শুটিংয়ে।
ছবির সূত্র ধরেই কলকাতার আনন্দবাজার পত্রিকার ফোন। আর আলাপচারিতার শুরুতেই ‘বাউন্সার’। প্রশ্নটা ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে। প্রায় প্রতি ঈদেই শাকিবের সঙ্গে সিয়ামের ছবিও মুক্তি পাচ্ছে। তবে কি শাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন?
মৃদু হেসে ভালোই সামাল দেন সিয়াম।
“সত্যিই যদি সে রকম বলে লোকে, তা হলে আমার দায়িত্ব আরও বাড়ল। আরও ঘষেমেজে নিজেকে তৈরি করতে হবে। আরও ত্রুটিমুক্ত হতে হবে,” বলেন তিনি।
শাকিব খানের সমতুল্য হওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন অভিনেতা।
ঈদ বড় উৎসবের সময় উল্লেখ করে সিয়াম বলেন, “ওই সময় সবার সেরা কাজগুলো পর্দায় জায়গা করে নেয়। শাকিব ভাইয়ের সঙ্গে আমিও জায়গা পাই, এটা ভেবেই আনন্দ।”
কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই বলেই দাবি তার।
“নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। দর্শক নতুন ছবি কতটা ভালোবাসল। তাদের নতুন কী দিতে পারলাম। আগের ছবির থেকে নিজেকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারলাম।”
কোন ধারার ছবিতে তাকে মানায়? এখানেও শাকিবই অনুসরণীয়, বললেন সিয়াম।
নায়কের ভাষ্য, “আমি জানি, বিনোদনধর্মী ছবিতে আমাকে মানায় ভাল। দর্শকও সেভাবেই দেখতে চান। ওদের জন্যই আমি সকলের ভালোবাসা পাচ্ছি। তাই কোনোভাবেই দর্শককে নিরাশ করতে পারব না।”
‘রাক্ষস’ও সেই ঘরানার সিনেমা। রোমান্স, রক্তপাত, সবই আছে। সেখানেই নায়ককে প্রেম করতে দেখা যাবে সুস্মিতার সঙ্গে।
আনন্দবাজারের সঙ্গে কথায় সুস্মিতার সঙ্গে বন্ধুত্বের কথাও উঠে এলো। আসে ব্যক্তিগত জীবন।
স্মৃতি হাতড়ে বলেন, “রায়হান রাফী ভাইয়ের পরিচালনায় ‘পোড়া মন’ ছবিটি চলবে কি না জানতাম না। আমি প্রতিষ্ঠা পাব কি না ভাবিনি। কিন্তু ওই বছরেই প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করি। বরং ওকে না পেলে মরেই যেতাম! কারণ, আমি প্রেমিক পুরুষ। প্রেমে থাকি, ভালোবাসাতেও...!”
কলকাতায় কোন পরিচালকের ছবিতে অভিনয় করতে চান, এমন প্রশ্নে সতর্ক জবাব সিয়ামের।
“কার নাম বলে কাকে চটাই বলুন! আমার ভাগ্যে কোন পরিচালকের নাম লেখা আছে তাও জানি না। আবার টলিউডের অনেকেই খুব ভালো বন্ধু। যেমন, জিৎদা। তাই যিনি ভালোবেসে ডাকবেন, তার ছবিতেই কাজ করব।”
কথা বলতেই বলতেই ডাক পড়েল ক্যামেরার সামনে দাঁড়ানোর।
যাওয়ার আগে জানালেন, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কিছু ছবি দেখেছেন। তাদের ছবি পছন্দ। তাদের ছবিতে কাজ করতে পারলে ভালো লাগবে বলেও অকপটে জানান নায়ক।