১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে ফেরার রাস্তা খুলছে অনির্বাণের, হচ্ছেন দেবের ‘ভিলেন’

সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের দুর্গাপূজায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

গোয়েন্দা কাহিনী, প্রেম অথবা সিরিয়াস ধরনের গল্পের চিত্রনাট্য, কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতি মানে ‘পরিপক্ক অভিনয়’। এই তরুণ সম্পর্কে এমন ধরনের কথাই বলে থাকতেন সিনেমা বিশ্লেষকরা। তবে বছরখানেক ধরে ডিরেক্টরস গিল্ড ও টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বে পর্দা থেকে বাইরে আছেন অনির্বাণ। অবশেষে তার ফেরার রাস্তা খুলছে। 

চলতি বছরের পূজার একটি সিনেমায় অনিবার্ণ আসছেন বলে লিখেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’। 

সিনেমার নাম ঘোষণা করে বলা হয়েছে এবার অনির্বাণ ও দীপক অধিকারী দেব কাজ করতে চলেছেন এক সিনেমায়। 

আর তাতে নায়ক হচ্ছেন দেব আর ভিলেনের চরিত্রে রূপদান করবেন অনির্বাণ। ওই সিনেমায় নায়িকা থাকবেন শুভশ্রী গাঙ্গুলি।

এর আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ সিনেমায় একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। বছর চারেক বাদে আবারও এই পরিচালকের সুবাদেই ‘রঘু ডাকাত’ সিনেমায় নজর কাড়েন এই জুটি। 

‘রঘু ডাকাত’ সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যকে অত্যাচারী নীলকর সাহেবের ভূমিকায় দেখা গিয়েছিল। 

কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির ডিরেক্টরস গিল্ড ও টেকনিশিয়ান ফেডারেশনের দ্বন্দ্বের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেতা ও পরিচালক অনির্বাণ। তাই এই অভিনেতার নতুন কোনো একটি কাজে ফেরার খবর গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন তার সতীর্থরা।

এই অভিনেতার অভিযোগ ছিল, শুটিংয়ে বাধার পাশাপাশি তাকে অভিনয়েও ডাকা হচ্ছে না।

গেল বছরের শেষের দিকে অনির্বাণ বলেছিলেন, “তার কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি।  'রঘু ডাকাতে' অভিনয়ের পর থেকে আমার হাতে আর কোনো অভিনয়ের কাজ নেই। সেক্ষেত্রে এখন কোনো অসুবিধা হচ্ছে না।

"কিন্তু এবার যদি দেখা যায় যে আরও ৩ মাস পর বা ৬ মাস পরও কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকছেন না, তখন নিশ্চয় আমার মনে একটা প্রশ্ন উদয় হবে যে, তাহলে মনে হয় আমার ঘটি মাটি সব হাওয়া করে দেওয়া হল। মানে আমার অভিনয়ও বন্ধ হয়ে গেল।”

এমনকি তার 'হুলিগানিজম' ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও করতে গিয়েও বাধার মুখে পড়েছেন তিনি।

অনির্বাণ বলছেন, ডাক না পেলেও অভিনয় চালিয়ে যাবেন তিনি। অভিনয় করতে ক্যামেরা লাগে না, স্টেজ লাগে না।

"কেউ না ডাকলেও, আমি অভিনয় করবই। অভিনয় করতে আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে। সেটা পৃথিবীর যে কোনো স্থানেই হতে পারে। আমি এখনই এখানে দাঁড়িয়ে একটা পারফরম্যান্স করতে পারি। কিংবা বাইরে অভিনয় করতে পারি। সেটা দেখার জন্য কিছু মানুষ কিন্তু জুটে যাবেন। তা হলে কী দাঁড়াল? অভিনয় করা আটকাবে না।"