১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেলে আসা যে জীবনে অনেক অপমান সয়েছেন রজনীকান্ত

“একদিন এক ভদ্রলোক আমাকে দুই রুপি দিয়ে বলেন তার লাগেজ টেম্পোতে তুলে দিতে। কণ্ঠটা কেমন যেন চেনা লাগছিল, পরে বুঝি, তিনি আমার কলেজের বন্ধু।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 04:24 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

যার সিনেমা মানেই সুপারহিট, নির্ভয়ে তার পেছনে কোটি কোটি টাকা লগ্নি করতে রাজী যে কোনো প্রযোজক, ভারতের দক্ষিণের সেই মহাতারকা রজনীকান্তকে পারিবারিক অস্বচ্ছলতার কারণে কুলি, দিনমজুর ও বাস কন্ডাক্টরের মত কাজও করতে হয়েছে । 

মুক্তি পেতে চলা ‘কুলি’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে নিজের কুলি হয়ে কাজ করার স্মৃতি মনে করে আবেগতাড়িত হয়ে পড়েন এই তারকা।

এনডিটিভি লিখেছে, শুরুর জীবনের সংগ্রামের কথা বলতে গলা ধরে আসে ৭১ বছর রজনীকান্তের।

জীবনের শুরুর দিকে বাস কন্ডাক্টরসহ নানা ধরনের কাজ করেছেন তিনি। করেছেন কুলির কাজও।পাশাপাশি পাড়ার নাটকেও চালিয়ে যেতেন শখের অভিনয়। পরবর্তীতে এক বন্ধুর সহায়তায় মাদ্রাজ ফিল্ম স্কুলে অভিনয়ের উপর প্রশিক্ষণ নেন তিনি। সেখান থেকেই নজরে পড়েন সে সময়ের খ্যাতিমান পরিচালক কে. বালাচরণের। সেই থেকে শুরু বলে রাজনীকান্তের কথনে উঠে আসে।

পুরনো স্মৃতি হাতড়ে রজনীকান্ত বলেন, “কুলি হয়ে কাজ করার সময় অনেকবার অপমান সহ্য করেছি। একদিন এক ভদ্রলোক আমাকে দুই রুপি দিয়ে বলেন তার লাগেজ টেম্পোতে তুলে দিতে। কণ্ঠটা কেমন যেন চেনা লাগছিল। পরে বুঝি, তিনি আমার কলেজের বন্ধু! একসময় যাকে নিয়ে অনেক হাসাহাসি করতাম।”

অনুষ্ঠানে চোখের জল ধরে রাখতে পারেননি রজনীকান্ত। 

১৯৭৫ সালে কে. বালাচরণের ‘অপূর্ব রাগাঙ্গল’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক ঘটে রজনীকান্তের। প্রথম কাজেই বাজিমাৎ করে নিজের জাত চিনিয়েছিলেন তরুণ রজনীকান্ত। এরপরও দক্ষিণী সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়তে তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম

প্রথম দিকে খ্যাতিমান অভিনেতা কমল হাসানের সঙ্গী হিসেবেই সিনেমাতে দেখা গেছে তাকে। পরবর্তীতে বেশ কিছু সিনেমায় গুরুত্বপূর্ণ ও প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নেন এ মহানায়ক।

আগামীতে রজনীকান্ততে দেখা যাবে ‘কুলি’ সিনেমায়; যা মুক্তি পাবে ১৪ অগাস্টে। প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের কুলি পরিচালনা করেছেন  লোকেশ কঙ্গরাজ।

সিনেমার ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেইলারে স্বর্ণ পাচারের কাহিনীর ছাপ দেখা গেছে। যেখানে একজন ‘কুলি’ চরিত্রে অভিনয় করেছেন রাজনীকান্ত। ট্রেইলারের সংক্ষিপ্ত ভিডিওতে একজন কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েনে রজনীকান্ত হাজির হন দুর্দান্ত রূপে।

রজনীকান্তের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন বলিউডের আমির খান। ‘কুলি’ দিয়ে প্রায় ত্রিশ বছর পর দুই অভিনেতা পর্দা ভাগাভাগি করছেন।

কুলিট্রেইলারে ঝড় তুললেন রজনীকান্ত