Published : 26 Jul 2026, 10:08 PM
সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’ এবং প্রসূন রহমানের ‘শিকড়’সহ ৩টি পূর্ণদৈর্ঘ্য, ২টি তথ্যচিত্র ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ এর প্রথম আসর।
নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আগামী ২ অগাস্ট মূল উৎসবের পর্দা উঠলেও, এর আগে ৩০ জুলাই থেকে তিন দিনব্যাপী চলবে দশটি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।
‘প্রিয়জন ফিল্মস’ ও ‘লেমন স্টুডিও’ এর যৌথ আয়োজনে এই উৎসবে সার্বিক সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
তিন দিনের প্রদর্শনীতে যা থাকছে
উৎসবের প্রথম দিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
দ্বিতীয় দিন ৩১ জুলাই দর্শকরা দেখতে পাবেন স্বল্পদৈর্ঘ্য ‘ইশপাইট’, ‘দ্য ইট্যারনাল জার্নি’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।
এরপর ১ অগাস্ট শেষ দিন পর্দায় উঠবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘শিকড়’।
প্রদর্শনী শেষে ২ অগাস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে ইতোমধ্যে বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা নিউ ইয়র্কে পৌঁছেছেন।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবের প্রথম আসরে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রের মধ্য থেকে সেরা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীসহ মোট ২০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
এছাড়া বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে অবদানের জন্য ‘বায়োস্কোপ ফিল্মস’ এবং দেশে প্রেক্ষাগৃহের আধুনিকায়নে ভূমিকার জন্য ‘স্টার সিনেপ্লেক্স’-কে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেতা আহমেদ শরীফকে দেওয়া হবে ‘আজীবন সম্মাননা’।
ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, "আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, শুধু নাচ-গান বা ঢালাওভাবে ক্রেস্ট তুলে দেওয়ায় আমরা বিশ্বাসী নই।"
সদস্য সচিব ও অভিনেতা লিটু আনাম জানিয়েছেন, এই উৎসবে পুরস্কৃত সেরা নির্মাতা ও কাজের পেছনে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ) পরবর্তীতে বিনিয়োগ করবে।
উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর সানি।