১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিডনি প্রতিস্থাপনের পর হার্ট অ্যাটাক, চলে গেলেন নাট্যকার তানিন রহমান

তরুণ এই নাট্যকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 10:01 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে না ফেরার দেশে চলে গেলেন নাট্যকার ও নির্মাতা তানিন রহমান।

মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হলে তার মৃত্যু হয়। বুধবার ওই হাসপাতালেই তার কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়েছিল। 

নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, “মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে বুধবার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তানিনকে আইসিইউতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ হার্ট অ্যাটাক হলে সেখানে মৃত্যু হয়। সেদিনই বাদ এশা জুরাইনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।”

এক দশকেরও বেশি সময় ধরে নাট্যাঙ্গনে সক্রিয় ছিলেন তানিন রহমান। তার লেখা গল্প ও চিত্রনাট্যে অভিনয় করেছেন এখনকার সময়ের অনেক অভিনয়শিল্পী। 

তানিন রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেইসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “আমার বহু নাটকের লেখক তানিন রহমান আর নেই। তানিন রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।”

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, “একজন ডিরেক্টর এবং রাইটার হওয়ার আগে তানিন ছিল আমার ভালো বন্ধু। অনেক ছোট থেকে শারীরিকভাবে ও যে স্ট্রাগলটা করেছে সেটা অভাবনীয়! পরশুদিন অপারেশনে যাওয়ার আগে শেষবার কথা হল, কাঁদছিল, আমাকে বলল দোস্ত মাফ করে দিস, যদি ফিরে না আসি। আমি বললাম তাড়াতাড়ি অপারেশন শেষ কর, আমি দেখা করতে আসবো। 

“গতকাল কিডনি ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হল আর আজকে মানুষটা নাই! বিকেলবেলা খবরটা শোনার পর থেকে ঠিক থাকতে পারছিলাম না, শুটিং করতে পারছিলাম না বারবার চোখ ভিজে আসছিল। হয়ত তার জানা হয়ে গিয়েছিল সে আর ফিরে আসবে না।” 

আবেগপ্রবণ হয়ে এই অভিনেতা লেখেন, “হয়ত অনেকেই চেনেন না তাকে কিন্তু অনেক বড় বড় ডিরেক্টরের অনেক জনপ্রিয় কাজের রচয়িতা এই তানিন রহমান! পরিচালক হিসেবেও ছিল দুর্দান্ত। তোর লাস্ট পাঠানো ভয়েস এসএমএসটা আমি খুব যত্ন করে রেখে দিব দোস্ত। শান্তিতে ঘুমা।” 

এছাড়া নির্মাতা মাহমুদুর রহমান হিমিসহ নাট্যাঙ্গনের অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তানিন রহমানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ এবং ‘উৎসর্গ’।