Published : 10 May 2026, 11:55 AM
পাঁচ বছর বিরতির পর ‘অ্যানি’ নামের নতুন কাজ নিয়ে পর্দায় ফিরলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। স্বল্পদৈর্ঘ্য এই সিরিজটি জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে নির্মাতা সাদ জানিয়েছেন, সিনেমাটি 'উইমেন ইন সিরিজ' বিভাগে প্রতিযোগিতা করবে। সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। আগামী ৯ জুন জার্মানির কোলনে অনুষ্ঠিত হবে সিরিজটির বিশ্ব প্রিমিয়ার।
এই সিরিজের গল্পে দেখানো হয়েছে ডিস্টোপিয়ান গল্প। যেখানে এক তরুণী নার্স অ্যানিকে এক ভয়ংকর 'হেইট প্যান্ডেমিক' এর মধ্যে নিজের পরিবার, সহিংসতা ও প্রতিশোধের অন্ধকার বাস্তবতার মুখোমুখি হতে দেখা যাবে।
২০২৩ সালে এ সিরিজটির শুটিং হয়েছে গাজীপুরের একটি রিসোর্টে। ৩৪ দিন ধরে চিত্রায়িত হয় এ সিরিজ।
তুষি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠুসহ আরও অনেকে।
২০২১ সালে এই নির্মাতার হাত ধরেই 'রেহানা মরিয়ম নূর' সিনেমা দিয়ে কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে প্রথমবারের মত বাংলাদেশের নাম উঠেছিল।
এর আগে ২০১৬ সালে তিনি নির্মাণ করেছেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’; ২০১৯ সালে মুক্তির পর বোদ্ধামহলেও সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছিল।