১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সুপারগার্ল’ এখন দেশের প্রেক্ষাগৃহে

‘সুপারগার্ল’ শুক্রবার থেকে চলছে স্টার সিনেপ্লেক্সে।

‘সুপারগার্ল’ এখন দেশের প্রেক্ষাগৃহে
‘সুপারগার্ল’ সিনেমার পোস্টার। ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 11:11 AM

Updated : 11 Sep 2026, 03:30 PM

ডিসি কমিকসের ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ সিনেমা ‘সুপারগার্ল’ দীর্ঘ ৪২ বছর পর বড় পর্দায় ফিরছে। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একইদিনে দেশের দর্শকরাও দেখতে পারবেন ‘সুপারগার্ল’ ।

শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে চলছে সিনেমাটি। মাল্টিপ্লেক্সটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের সবগুলো শাখাতেই সিনেমাটি দেখানো হবে।

অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্টি করা চরিত্রটি নিয়ে ১৯৮৪ সালে প্রথম নির্মিত হয়েছিল এই সিনেমাটি। দীর্ঘ চার দশক পর নতুন রূপে পর্দায় আসছে এই সুপারহিরোইন।  

ক্রেইগ গিলেস্পি পরিচালিত ‘সুপারগার্লের’ মূল চরিত্রে (কারা জোর-এল) অভিনয় করেছেন মিলি অ্যালকক। এর আগে ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে অভিনয় করেছেন তিনি।

মিলি অ্যালকক ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

আশির দশকের প্রেক্ষাপট কিংবা মেলিসা বেনয়েস্টের জনপ্রিয় টিভি সিরিজের চেয়ে এবারের সিনেমার গল্প অনেকটাই আলাদা।

এবারের গল্পে দেখা যাবে, পৃথিবীতে বড় হওয়া সুপারম্যানের মত সুখী শৈশব ছিল না কারার। সে ধ্বংসপ্রাপ্ত ক্রিপ্টনের একটি অংশে বড় হয়েছে এবং নিজের চারপাশের মানুষের মৃত্যু দেখেছে। ফলে তার চরিত্রটি অনেক বেশি কঠোর ও বাস্তববাদী।

গল্পে কারা তার কুকুর ক্রিপ্টোকে নিয়ে মহাকাশ ভ্রমণের সময় রুথি নামের এক কিশোরীর দেখা পায়, যার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এক দস্যু নেতা। এরপরই তারা দুজন প্রতিশোধ এবং ন্যায়বিচারের সন্ধানে এক বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে বের হয়।