Published : 01 May 2026, 07:57 PM
শিগগিরই পর্দা নামতে যাওয়া ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ ফের আলোচনায় এসেছে৷
পারিবারিক গল্পনির্ভর এই নাটকের ৪৯ ও ৫০ তম পর্ব ঘিরে সোশাল মিডিয়ায় বেশ কথাবার্তা চলছে।
পরিবারের ভাঙন ও শোকের মুহূর্তে চরিত্রগুলোর অভিনয় নিয়ে প্রশংসায় শামিল হয়েছেন দর্শক থেকে শুরু করে অভিনয়শিল্পীরাও।
একই সঙ্গে ইউটিউব ভিউয়ের দিক থেকেও নাটকটি রেকর্ড গড়ছে।

‘এটা আমাদেরই গল্প’ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আবেগাপ্লুত হয়ে বৃহস্পতিবার ফেইসবুকে পোস্ট দিয়েছেন পরিচালক মোস্তফা কামাল রাজ।
তিনি লিখেছেন, “১৮ বছরের ক্যারিয়ারে আজকের এই ভালোবাসা আমার কাছে একদম নতুন। ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে আপনাদের অগণিত কল আর মেসেজে আমি সত্যিই অভিভূত। দর্শকদের এই ভালোবাসাই একজন পরিচালকের শ্রেষ্ঠ পুরস্কার। কৃতজ্ঞতা সবার প্রতি!”
গত বছরের ৫ নভেম্বর থেকে প্রচারে আসে নাটকটি। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে বোনা হয়েছে নাটকের কাহিনী। বড় ভাই ফাহাদ, ছোট ভাই সামির ও তাদের স্ত্রী সায়রা ও মেহেরিন এবং তাদের সংসার জীবনের দৈনন্দিন নানা ঘটনায় এগিয়ে গেছে নাটকের বিভিন্ন পর্ব।
নাটকের ৪৯তম পর্বে দেখা গেছে, ফাহাদ ও সামিরের বাবা মারা গেছেন। তার মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্যরা আহাজারি করছেন। ইউটিউবে এই পর্বটি দেখেছেন ১ কোটি ১০ লাখ দর্শক।
৫০তম পর্বে দেখা যায় বাবাকে হারানোর শোকে ফাহাদের হাহাকার। বাবার মরদেহের খাটিয়া কাঁধে নিতে দেখা যায় ফাহাদকে।

এই দৃশ্যগুলোর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দর্শকরা নাটকটি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদের অভিনয়ের প্রশংসা এসেছে।
এই দৃশ্যের সঙ্গে নিজের জীবনের সাদৃশ্য খোঁজে পেয়ে পরিচালক রাজ লিখেছেন, "বাস্তব জীবনে যখন আপন মানুষের খাটিয়া কাঁধে নিয়েছিলাম, মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভারী ওজনটা বইছি। আজ ক্যামেরার পেছনে দাঁড়িয়ে সেই একই দৃশ্য যখন পরিচালনা করছিলাম, হৃদয়ের পুরোনো ক্ষতগুলো আবার নতুন করে জেগে উঠলো। এটা শুধু একটি নাটক নয়, এটা এক সন্তানের পরিবারের প্রতি শেষ বিদায়ের এক টুকরো জীবন্ত যন্ত্রণা।"
নাটকটি নিয়ে আলোচনা দেখে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেইসবুকে লিখেছেন, "মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়া, ইতিহাস গড়ার জন্য আপনাকে অভিনন্দন। বাংলাদেশি নাটকের প্রতি দর্শকদের ভালোবাসা এখন তুঙ্গে। এর অনেকখানি কৃতিত্ব ‘এটা আমাদেরই গল্প’ টিমের। ৫০তম পর্বটি দর্শকদের মনে এক অনন্য ছাপ ফেলেছে। এ ধরনের ভালোবাসা খাঁটি, অকৃত্রিম ও চিরস্থায়ী।"
সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। আর প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আসছে এর প্রতিটি পর্ব।
পরিচালব রাজ জানিয়েছেন, নাটকটি শেষ হবে ৫২ তম পর্বে গিয়ে, আর সেটি হবে ‘মেগা’ পর্ব।
ধারাবাহিকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।
নাটকে তিনটি গান ব্যবহার করা হয়েছে।
টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, ‘সে মানালে’ শিরোনামের গান গেয়েছেন শাহরিয়ার মার্সেল, এবং ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।