Published : 15 Nov 2025, 10:35 AM
অভিনেত্রী রচনার বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে পশ্চিমবঙ্গের টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় এসেছেন আফসার আলী মীর।
আনন্দবাজার লিখেছে, অনুষ্ঠানের ঝলক প্রকাশ্যে আসতেই প্রশ্নের ঝড় বইছে সোশাল মিডিয়ায়। সবার প্রশ্ন কেন এই পরিবর্তন।
গত দেড় দশক ধরে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনা করছেন রচনা। মাঝে কিছু দিনের জন্য সঞ্চালকের মুখ বদলালেও ফের রচনাকেই পাওয়া গেছে ওই ভূমিকায়।
টেলিভিশন স্টেশন জি বাংলার ‘ফ্লোর ডিরেক্টর’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্রেফ স্বাদবদলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজীব বলেন, “রচনাদির তত্ত্বাবধানে সব কিছু করি আমরা। এ ক্ষেত্রেও দিদির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের মতও ছিল। মীর তো আমাদের পরিবারেরই অংশ। জি বাংলার সঙ্গে বহু দিনের যোগাযোগ মীরের।”
রাজীব বলেছেন, মীর ‘দিদি নম্বর ১’ এ মীর সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন আপাতত তিনটি পর্বের জন্য। পরে ফের রচনা এসে তার দায়িত্ব বুঝে নেবেন।
শোনা গেছে, অভিনেত্রী বিদেশে গেছেন। সেই জন্যই কয়েক দিনের জন্য এই পরিবর্তন।
রাজীব বলেন, “‘দিদি নম্বর ১’-এর দিদি কোথাও যাচ্ছেন না।”
শিগগিরই তাকে নতুন পর্বে দেখা যাবে।