Published : 05 Dec 2025, 10:18 PM
পাপারাজ্জিদের প্রতি বলিউডের অভিনেত্রী জয়া বচ্চনের অসন্তোষ-ক্ষোভের পাল্টা প্রতিক্রিয়া এসেছে।
এক সাক্ষাৎকারে পাপারাজ্জিদের নিয়ে জয়ার মন্তব্যের জেরে পুরো বচ্চন পরিবারকে বর্জনের ঘোষণা এসেছে।
বচ্চনদের নাতি অগস্ত্য নন্দার আগামী সিনেমা ‘ইক্কিস’-এর প্রচারও বর্জন করা হবে বলে জানিয়েছেন পাপারাজ্জিরা। এছাড়া প্রতি রোববার বাড়ি ‘জলসার’ বাইরে ভক্ত দর্শনে অমিতাভকে এ যাবৎকালে পাপারাজ্জিরা তাদের কাজের মাধ্যমে সহযোগিতা করে আসছে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তারা।
এনডিটিভি লিখেছে, জনপ্রিয় পাপারাজ্জি পল্লব পালিওয়াল বলেন, “আমরা কারোর প্রতি তীর্যক মন্তব্য আমরা করিনা। আমরা তারকদের সম্মান করি। আমরা আমাদের মর্যাদা সম্পর্কেও অবগত আছি।”
‘ঝগড়াটে’, ‘বদমেজাজি’, ‘দাম্ভিক’, ‘খিটখিটে’- ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া বচ্চনকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বলে সমালোচনা করা হয়।
তার মেজাজ যে ‘সপ্তমে চড়ে’ থাকে, বলিউডে এ কথা কারও অজানা নয়। ক্যামেরা তাক করে থাকা পাপারাজ্জিদের বকাবকি করা বা রেগে চিৎকার করে ওঠার ঘটনা জয়ার জন্য নতুন কিছু নয়।
এর আগে জয়ার এ ধরনের ব্যবহারের কোনো পাল্টা প্রতিক্রিয়া আসেনি পাপারাজ্জিদের কাছ থেকে। কিন্তু সম্প্রতি সম্প্রতি বরখা দত্তর সঙ্গে কথোপকথনে জয়ার কিছু মন্তব্যে দারুণ চটেছেন পাপারাজ্জিরা।

ফটো সাংবাদিকদের উদ্দেশে জয়া বলে, “‘যারা ‘গণ্ডি প্যান্ট’ (নোংরা প্যান্ট) পরে বাইরে ঘোরাফেরা করে, যারা প্রশিক্ষণ না নিয়েই ছবি তোলে, তারা কেমন ধরনের মানুষ? কোথা থেকে আসে তারা। তাদের লেখাপড়া কতদূর?”
সংবামাধ্যমের সঙ্গে তার সম্পর্ক থাকলেও, পাপারাজ্জিদের সঙ্গে তার ‘সম্পর্ক নেই’ বলে ওই অনুষ্ঠানে বলেন জয়া।
“তারা মনে করে, হাতে কিছু আছে বলেই ছবি তুলতে পারবে?”
পাপারাজ্জিদের পাল্টা প্রতিক্রিয়া
পাপারাজ্জিরা জয়া বচ্চনের মন্তব্যকে নিজেদের কাজের প্রতি অপমান ও অসম্মান হিসেবে দেখছেন।
পাপারাজ্জি পল্লব পালিওয়াল বলেন, এ ধরনের মন্তব্য তাদের জন্য দুর্ভাগ্যজনক। অগস্ত্যর সিনেমা ‘ইক্কিস’-এর কোনো প্রচার না হলে, সেটা আদৌ চলবে কি করে, সেই প্রশ্ন তোলেন তিনি।
পাপারাজ্জি মানব মঙ্গলানি বলেছেন, জয়া বচ্চন সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে ‘মানিয়ে নিতে পারেননি’।
তার নাতি-নাতনিদের উচিত তাকে এই সময়ের সবকিছু বুঝিয়ে দেওয়া।
প্রখ্যাত পাপারাজ্জি বরিন্দর চাওলা তার সহকর্মীদের সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি জয়া বচ্চন ও তার পরিবারকে বর্জন করার পরামর্শ দিয়ে বলেন, “আমরা নিজেদের সম্মান করি। এবং বচ্চনদের বর্জন করি।”
রাণবীর কাপুর-আলিয়া ভাট একং দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সন্তান হওয়ার পর পাপারাজ্জিদের ছবি না তোলার প্রসঙ্গ টেনে বরিন্দর চাওলা বলেন, “তারাও পাপারাজ্জিদের ডেকে বলেছিলেন, তাদের সন্তানের ছবি যেন না তোলা হয়। আমরা তুলিনি।”
অতীতে অমিতাভের একটি বিষয় নিয়ে বলেন, “২০২৩ সালে অমিতাভজির একটি ভিডিও পেয়েছিলাম। একজন ভক্ত সেলফি তোলার জন্য তার দিয়ে এগিয়ে গেলে, তিনি চিৎকার করে কিছু বলতে থাকেন। সেই ভিডিও তার পিআর টিমের কাছে পাঠিয়েছিলাম। তারা সেটি প্রকাশ না করতে অনুরোধ করেন। আমরা সেই অনুরোধ রাখি। কারণ আমরা তারকাদের সম্মান করি।”

পাপারাজ্জিদের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বচ্চন পরিবারের কাছ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।