০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অন্তর্জগতের খোঁজে নৃত্য নাটক ‘অন্বেষণ’

মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুক্রবার নৃত্য নাটকটির প্রদর্শনী হবে।

অন্তর্জগতের খোঁজে নৃত্য নাটক ‘অন্বেষণ’
‘অন্বেষণ’ নাটকের অনুশীলনকালীন দৃশ্য। ছবি: নর্তনম ডান্স একাডেমির সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 11:58 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

মানুষের পাওয়া-না পাওয়া, আকাঙ্ক্ষা, প্রশ্ন ও আত্মসন্ধানের গল্প নিয়ে মঞ্চে আসছে নৃত্য নাটক ‘অন্বেষণ’। 

বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে শুক্রবার। নর্তনম ডান্স একাডেমির নানা বয়সি শিক্ষার্থীরা এতে অংশ নেবে।  

নর্তনম ডান্স একাডেমির আর্টিস্টিক ডিরেক্টর ও কোরিওগ্রাফার মনোমি তানজানা অর্থীর ভাবনায় নির্মিত হয়েছে ‘অন্বেষণ’। এখানে নাচকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের অন্তর্জগতের অনুভূতি, দ্বন্দ্ব ও যাত্রা প্রকাশের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। 

সৃজনশীল ও সমকালীন নৃত্যভাষার সঙ্গে বিভিন্ন নৃত্যধারা, সংগীত, আলো ও মঞ্চভাবনার সমন্বয়ে তৈরি হয়েছে প্রযোজনাটির নিজস্ব আবহ। গল্পের মূল যাত্রাপথে রয়েছে খোঁজা, আকাঙ্ক্ষা, দ্বন্দ্ব, উপলব্ধি এবং শেষ পর্যন্ত নিজের কাছে ফিরে আসা। 

বিজ্ঞপ্তিতে মনোমি তানজানা অর্থী বলেন, “‘অন্বেষণ’ শুধু একটি মঞ্চ প্রযোজনা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের নিজেদেরও একটি যাত্রা। তারা যেন নৃত্যের মাধ্যমে নিজেদের অনুভূতি, সম্ভাবনা ও সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে পারে এটাই আমার প্রত্যাশা।”

প্রযোজনাটির ভাবনা তিনি বলেন, “আমরা প্রতিদিন অনেক কিছু খুঁজি, কিন্তু সেই খোঁজের মাঝে অনেক সময় নিজেকেই ভুলে যাই। ‘অন্বেষণ’ কোনো নির্দিষ্ট উত্তর দিতে চায় না; বরং দর্শকের মনে কিছু প্রশ্ন তৈরি করতে চায়, যার উত্তর হয়তো প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজে পাবেন।”