১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রক্তবীজ ২’: ভারত-বাংলাদেশ মৈত্রীর বার্তা দেবে?

সন্ত্রাসবাদ কীভাবে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি সুসম্পর্ক এবং বন্ধুত্ব নষ্ট করে তা ‘রক্তবীজ ২’ সিনেমায় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নন্দিতা রায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 08:11 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

ত্রাসের জাল বিছিয়েছে সন্ত্রাসবাদী মুনির আলম এবং তার দলবল। অন্যদিকে পঙ্কজ সিং, সংযুক্তার মত দুঁদে পুলিশ অফিসারের আপ্রাণ চেষ্টা সন্ত্রাসবাদীদের সমূলে বিনাশ করা।

দুর্গাপূজা উপলক্ষে এমন গল্পে ‘রক্তবীজ ২’ বানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

সিনেমায় উঠে এসেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ভারতের অবস্থান এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের নানা দিক। 

নন্দিতার কাছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের প্রশ্ন ছিল, সিনেমাটির বক্তব্য বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নত করবে কি না?

নন্দিতা বলেন, “আমরা কিন্তু বিতর্ক তৈরির ভাবনা থেকে এই সিনেমা বানাইনি। এই সিনেমা দুই দেশের মৈত্রী এবং শান্তি ফেরানোর কথাই বলেছে।”

কীভাবে সন্ত্রাসবাদ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি সুসম্পর্ক এবং বন্ধুত্ব নষ্ট করে তা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নন্দিতা রায়।

তিনি বলেন, “আমাদের সিনেমা সব সময়ে ইতিবাচক বার্তা দেয়। সেই জায়গা থেকে যদি ‘রক্তবীজ ২’ দুই দেশের সুসম্পর্ক ফেরাতে পারে তা হলে এর থেকে ভালো আর কী হতে পারে।”

এবারেও ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। পুলিশ কর্মকর্তা হয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী; পাত্রপাত্রীদের তালিকায় নতুন যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়।

সিনেমায় শ্বশুরবাড়ি দেখতে বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে প্রণব মুখার্জির সফর তুলে ধরা হয়েছে। সফরে প্রণব মুখার্জির আপ্যায়নের জন্য হরেকরকম পিঠা, ইলিশ মাছসহ নানা ফলমূল এবং অন্যান্য খাবারের আয়োজন ঘিরে নানা ঘটনা রাখা হয়েছে চিত্রনাট্যে।

অঙ্কুশ বরাবর কৌতুকধর্মী চরিত্র কিংবা ‘নায়ক’ চরিত্রে অভিনয় করেছেন। 

তাকে সন্ত্রাসী ‘মুনির আলম’ চরিত্রে কীভবে বেছে নেওয়া হল প্রশ্নে নন্দিতা বলেন, অনেক অভিনেতা নিজেকে চেনা ছকে ফেলতে ভালোবাসেন। অঙ্কুশ তেমন নন। নিজে খুঁটিয়ে চিত্রনাট্য পড়েছেন। শট দেওয়ার আগে পরিচালকদের কাছ থেকে তাদের চাহিদা বুঝেছেন। তারপর ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়েছেন।

২০২৩ সালে সত্য ঘটনা অবলম্বনে বানানো হয় ‘রক্তবীজ’।

সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাখ্যাত সীমা বিশ্বাস। এবারের দুর্গাপূজা উপলক্ষে ‘রক্তবীজ ২’ মুক্তি পেয়েছে গত শুক্রবার।