১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একসঙ্গে দুই ওটিটি প্ল্যাটফর্মে আসছে শাকিবের 'তাণ্ডব'

প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মধ্যেই সিনেমাটি একসঙ্গে দেখা যাবে চরকি ও হইচইয়ে।

একসঙ্গে দুই ওটিটি প্ল্যাটফর্মে আসছে শাকিবের 'তাণ্ডব'
'তাণ্ডব' সিনেমার দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 09:06 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

কোরবানির ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের 'তাণ্ডব' সিনেমা এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।    

প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মধ্যেই সিনেমাটি একসঙ্গে দুটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। 

চরকি ও হইচই দুটি প্ল্যাটফর্ম বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে ওটিটিতে আসছে 'তাণ্ডব' সিনেমা। অগাস্টে মুক্তি পাচ্ছে সিনেমাটি।  

রায়হান রাফী পরিচালিত তাণ্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। আরও অভিনয় করেছেন সাবিলা নূর। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর।    

ওটিটিতে মুক্তি নিয়ে পরিচালক রাফী বলেন, "প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাওয়ার পর এবার ওটিটিতে আসছে 'তাণ্ডব', এটা আমার জন্য ভীষণ আনন্দের। ওটিটিতে সিনেমা মুক্তির সুবিধা হল পৃথিবীর যে কোনো জায়গার বাংলা ভাষাভাষী দর্শকই সিনেমাটি দেখতে পারেন। 

'তাণ্ডব' সিনেমার দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে। 

'তাণ্ডব' সিনেমার দৃশ্য

"যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, যেখানে সিনেমা হল নেই বা টিকিট না পেয়ে চলে গেছেন আর দেখতে আসেননি কিংবা দ্বিতীয়–তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি, তাদের জন্য এটা একটা দারুণ খবর।"  

'তাণ্ডব' সিনেমার গল্প একটি টিভি চ্যানেলের হামলাকে কেন্দ্র করে। স্বাধীন নামের এক ছেলে এই হামলা ঘটায়। সেখানে জিম্মি করে সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থদের মুখ থেকে তাদের অপকর্মের স্বীকারোক্তি আদায় করেন স্বাধীন।

সিনেমার গল্পের ভেতরে স্বাধীনকে দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া, গুম, আয়নাঘর, চলমান সমাজব্যবস্থা, ক্ষমতার দৌরাত্ম্য ও দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিতে চেয়েছেন রাফী। 

সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খানসহ অনেকে।

২ ঘণ্টা ৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্যকার রাফী ও আদনান আদিব খান।

গত ৭ জুন কোরবানি ঈদের দিন মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ চলছে দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে, এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলছে ৪০টি শো।

‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত টিভি।