১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাপেট শো: আসছে 'কাঠুরিয়া' আর 'দুষ্ট রাখাল'

কারুপীঠের প্রথম আবৃত্তি কর্মশালার শিশু কিশোরদের আবৃত্তি প্রযোজনা 'ছুটির ছাড়পত্র'ও পরিবেশিত হবে শুক্রবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

‘ঢাকা পাপট থিয়েটার’ মঞ্চে নিয়ে আসছে পাপেট শো 'কাঠুরিয়া ও জলপরী' এবং 'দুষ্ট রাখাল'। 

শুক্রবার সকাল সাড়ে দশটায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এই আয়োজন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘কাঠুরিয়া’ ও ‘জলপরীর’ পরিবেশনায় দেখা যাবে, একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে কাঠুরিয়ার কুড়াল নদীতে পড়ে যায়। তখন নদী থেকে জলপরী উঠে এসে কাঠুরিয়াকে সোনা, রুপার কুড়াল দেখালেও কাঠুরিয়ার সেখান থেকে কেবল তার নিজের কুড়ালটাই নেন। 

এই ঘটনা জেনে এক অসৎ ব্যক্তি সোনা রুপার কুড়াল পাওয়ার জন্য ইচ্ছা করে নদীতে তার কুড়াল ফেলে দেয়। কিন্তু জলপরী তাকে কোনো কুড়ালই দেয় না।

অন্যদিকে 'দুষ্টু রাখাল' গল্পে দেখা যাবে, ছোট্ট রাখাল বালক জঙ্গলে যায় গরু চড়াতে। একদিন সে দুষ্টামি করে 'বাঘ এসেছে, বাঘ এসেছে' বলে গ্রামবাসীদের ভয় দেখায়। তখন গ্রামবাসীরা ছুটে আসে তাকে বাঁচানোর জন্য। এই কাজটি ছেলেটি প্রায়ই করে।  

এরপর একদিন যখন সত্যি সত্যি বাঘ আসে; তখন গ্রামবাসীরা তার চিৎকার শুনেও ছেলেটিকে আর তাকে বাঁচাতে আসে না।

এদিন ঢাকা পাপেট থিয়েটারের অঙ্গসংগঠন কারুপীঠের প্রথম আবৃত্তি কর্মশালার শিশু কিশোরদের আবৃত্তি প্রযোজনা 'ছুটির ছাড়পত্র'ও পরিবেশিত হবে।

'ছুটির ছাড়পত্র' গ্রন্থনা ও পরিচালনা করেছেন জিহান শারমিন সেলিম মৌ। 

এতে সংগীত পরিচালনায় আছেন রবিউল ইসলাম শশী এবং পোশাক পরিকল্পনা করেছেন ঈশিতা জাহাঙ্গীর।