১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আপনি জিতে গেলেন’: খালেদা জিয়ার মৃত্যুতে পরীমনি

শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের শিল্পীরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম যেন শোকবইয়ে রূপ নিয়েছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে নানা শ্রেণি–পেশার মানুষ শোক প্রকাশ করছেন। শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের শিল্পীরাও। সেই শোক প্রকাশে শামিল হয়েছেন পরীমনিও।

ফেইসবুকে একটি পোস্টে পরীমনি বলেন, “তিনি চলে গেলেন...! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে …।”

পরীমনির এই পোস্টে বহু মানুষ মন্তব্য করেছেন। তাদের বেশিরভাগই খালেদা জিয়ার প্রতি শোক জানিয়েছেন। বিএনপিকে ৪১ বছর ধরে নেতৃত্ব দেওয়া এই নেত্রীর রাজনৈতিক জীবনকে স্মরণ করেছেন অনেকে। 

গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুইবার।