মঞ্চনাটক ‘তবুও জেগে উঠি’ এবার ৩ বিভাগে
লিঙ্গ, পরিচয়, ক্ষমতা ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ভেতরে নারীর প্রতিদিনের বাস্তবতা নাটকের মূল ভাবনা।
নারীর এগিয়ে চলার গল্প নিয়ে তৈরি ‘তবুও জেগে উঠি’ নাটকটির প্রদর্শনী হবে সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে।
নাট্যদল ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’ জানিয়েছে, বুধবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের মঞ্চে আসছে নাটকটি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘তবুও জেগে উঠি’ দেখানো হবে ২৮ অগাস্ট।
এরপর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এ নাটকের প্রদর্শনী হবে আগামী ৪ সেপ্টেম্বর। তিন বিভাগেই প্রতিটি প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।
লিঙ্গ, পরিচয়, ক্ষমতা ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ভেতরে নারীর প্রতিদিনের বাস্তবতাকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করা হয়েছে।
নির্দেশক মোহসিনা আক্তার বলেন, “জন্মের আদিলগ্ন থেকে নারীর সাথে আমাদের নাড়ির টান। শিশুকালের নির্মলতা নিয়ে সবাই একসাথে বড় হই আমরা। তবু একটু বয়স হলেই কারা যেন বারবার মনে করিয়ে দেয় নারী-পুরুষ আলাদা, ভিন্ন জাত।
“পুরষতান্ত্রিক ক্ষমতায়ন ব্যবস্থায় এরপর কোনোভাবেই আর একত্রে দাঁড়াতে দেওয়া হয় না নারীদের। স্বীকার করা হয় না তার কোনো অবদান। একত্রে অর্জিত মাইলফলক পেরোনোর পরমুহূর্তে সমাজের মনে হয় নারীর স্থান আড়ালে, সবার সামনে নয়, উঠেপড়ে ধেয়ে আসা হয় নারী সংস্কার যজ্ঞে।”
