Published : 21 May 2026, 02:53 PM
রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রাক্ষস’ সিনেমা এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
বৃহস্পতিবার থেকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ এ দেখা যাবে সিনেমা দুইটি।
প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই দুই বড় বাজেটের সিনেমার মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্ল্যাটফর্মটি।
তিনি বলেন, “দুই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হয়েছে এবং মুক্তির সব প্রস্তুতিও শেষ। ২১ মে থেকে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।”
‘প্রিন্স’ সিনেমায় গ্যাংস্টারের চরিত্রে শাকিব
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে।
এই সিনেমার গল্পে সাম্রাজ্য, প্রভাব ও অ্যাকশনের দৃশ্য তুলে ধরেছেন নির্মাতা।
যেখানে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খান।
শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর। আরও আছেন আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকে।
শাকিবের এই সিনেমাটি রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকেই জটিলতায় পড়ে। মুক্তির সময় হল মালিকরা অভিযোগ তুলেছিলেন, কাজ সম্পন্ন না করেই সিনেমাটি প্রেক্ষাগৃহে ছাড়া হয়েছে।
সেসময় সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স, সার্ভার জটিলতাসহ নানা ধরনের অভিযোগ তুলেছিলেন হল মালিক ও দর্শকরা।
আর গেল ৬ মে মুক্তির প্রায় দেড় মাস পর সিনেমার অনাপত্তি সনদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
ফলে দেশের কোনো প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল তথ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার একাধিক সিনেমা হলে ‘অনুমোদনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে’ সিনেমাটি দেখানো হয়েছে।
সিয়ামের বিপরীতে কলকাতার সুস্মিতা
সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’।
'রাক্ষস' সিনেমায় উঠে এসেছে একটি পাগলাটে প্রেমের গল্প। অ্যাকশন ও সহিংসতার ভরপুর এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়; আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে।
সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
রিয়েল এনার্জী প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।