১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কনের সাজে অপু, বর জয়, ছড়াল কৌতুহল

একগুচ্ছ ছবি পোস্ট করে 'নতুন শুরুর এই পথে' কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

কনের সাজে অপু, বর জয়, ছড়াল কৌতুহল
ব্রাইডাল ফটোশ্যুটে অপু বিশ্বাস ও জয় চৌধুরী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 08:55 PM

Updated : 26 Aug 2026, 11:15 AM

মাঝে মধ্যেই কনের সাজে ফেইসবুকে হাজির হয়ে কৌতুহল ছড়িয়ে দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বছরের শেষ দিনেও বিয়ের আবহে হাজির হয়েছেন তিনি। তবে এবার একা নয়, অপুর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। 

একগুচ্ছ ছবি পোস্ট করে 'নতুন শুরুর এই পথে' কৃতজ্ঞতা জানিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "নতুন দিনের সূচনা এবং সৃজনশীলতার অপরিসীম সম্ভাবনার জন্য গভীর কৃতজ্ঞতা। জীবনের এই যাত্রা যেন উদ্দেশ্য, উদ্যম, এবং ইতিবাচকতায় ভরে উঠে। প্রতিটি মুহূর্ত যেন হয়ে উঠে অনুপ্রেরণাময় এবং আনন্দের। এই যাত্রাকে আরও প্রতিশ্রুতি দিতে ক্যামেরাবন্দি করা হল।"

অপু-জয় জুটির এই ছবিগুলো দেখা গেছে পুরো বিয়ের আবহে। বিয়ের আসর, একই রকমের পোশাক পরে, একে অপরের হাত ধরে, আলিঙ্গন করে ছবি তুলেছেন এই জুটি। একটি ছবিতে অপুকে আংটি পরিয়ে দিচ্ছেন জয়। 

ছবিগুলো পোস্টের পর থেকেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই প্রশ্ন করছেন 'অপু-জয় কি বিয়ে করেছেন নাকি ছবিগুলো ব্রাইডাল ফটোশ্যুট?'   

সেই প্রশ্নের উত্তর দিয়েছেন জয় চৌধুরী। 

গ্লিটজকে তিনি বলেছেন, “এটি নতুন বছরের একটি ব্রাইডাল ফটোশ্যুট, যার নাম 'নিউ ইয়ার ব্লাস্ট ২০২৫'। এটি তিনটি পর্বে প্রচার করা হবে।" 

"রাতে আমাদের একটি ভিডিও আসবে। এই ভিডিও চিত্রের জন্য আলাদা করে গান তৈরি করা হয়েছে। গানের নাম 'তুমি যদি ভালোবাসা পাও'। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের রাজত ঘোষ। কণ্ঠ দিয়েছেন ভারতের শিল্পী অর্পণ। আমাদের শুটিং হয়েছে মানিকগঞ্জে, যেটি পরিচালনা করেছেন সিফাত নুসরাত।"  

জয় আরও বলেন, "একটু কতৌহূল সৃষ্টি করতেই ছবিগুলো পোস্ট করা। এই ফটোশ্যুটের পিছনে আমাদের দীর্ঘদিনের একটা পরিশ্রম ছিল, শ্যুটের জন্য নিজেকে প্রস্তুত করতে ওজন কমাতে হয়েছে। আশা করছি দর্শকরা ভালোভাবে নিবে।"   

অপু বিশ্বাস ও জয় চৌধুরী জুটি বেঁধে রূপালি পর্দায় এসেছেন দুটি সিনেমায়। সিনেমাগুলো হলো 'প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’।