Published : 17 May 2026, 10:16 PM
চলচ্চিত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই শিল্পের উন্নয়নে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
আরব নিউজ এবং ভ্যারাইটি জানিয়েছে, ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন ঘোষণা করেছে, তাদের দেশে চলচ্চিত্রের শুটিংয়ের ক্ষেত্রে নগদ অর্থ ফেরতের পরিমাণ ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে।
এই নতুন প্রণোদনা কার্যক্রম এমন সময়ে ঘোষণা করা হয়েছে যখন, সৌদি কমিশন কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। কান উৎসবে প্রতিবছর বিশ্বের নানা দেশ থেকে আসা নির্মাতা, প্রযোজক ও বিনিয়োগকারীদের পদচারণায় মুখর হয়।
এই প্রণোদনা কার্যক্রম কিছু বাস্তবসম্ম ব্যবস্থা চালু করেছে; যা একটি স্পষ্ট প্রক্রিয়া, সুবিন্যস্ত কর্মপন্থা এবং প্রতিযোগিতামূলক আর্থিক সহায়তার মাধ্যমে প্রযোজনার প্রতিটি ধাপকে এগিয়ে নিতে সহায়তা করে।
এর মধ্যে আছে দ্রুততার সঙ্গে অর্থ প্রদান প্রক্রিয়া, এবং সময়সীমা অনুযায়ী কোনো প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত পরিবেশ তৈরি করা।
প্রণোদনা ঘোষণা ফিল্ম কমিশনের একটি চলমান প্রচেষ্টার অংশ। এই কাজের উদ্দেশ্য হল অবকাঠামো, প্রযোজনা পরিষেবা এবং প্রতিভা উন্নয়ন খুঁজে আনাসহ চলচ্চিত্র শিল্পে একটি সমন্বিত প্রযোজনা বাস্তুতন্ত্র গড়ে তোলা।
এটি সৌদি ভিশন ২০৩০-এর উদ্দেশ্যের সঙ্গেও সঙ্গতিপূর্ণ। অর্থাৎ সৃজনশীল শিল্পের বিকাশ ঘটানো এবং চলচ্চিত্র খাতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফিল্ম কমিশন প্রণোদনা ব্যবস্থাপনা ও তা দিতে একটি উন্নততর মডেল চালু করতে বেশ কয়েকটি জাতীয় সংস্থার সাথে কাজ করছে। সেগুলোর মধ্যে সাংস্কৃতিক উন্নয়ন তহবিল উল্লেখযোগ্য।
সৌদি ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি বলেন, "এই ঘোষণাটি মূলত অংশীদারত্ব এবং ক্ষমতায়নের ওপর ভিত্তি করে একটি টেকসই চলচ্চিত্র খাত গড়ে তোলার জন্য আমাদের দূরদর্শী পরিকল্পনারই একটি অংশ।”
তিনি আরও বলেন, “বিগত দিনে প্রণোদনা সংক্রান্ত বিষয়ে আরও কিছু কাজ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল আর্থিক নিরীক্ষা এবং অর্থ বিতরণ পদ্ধতির নির্দেশিকা চালু করা। এর উদ্দেশ্য হল চলচ্চিত্র নির্মাতাদের আরও বেশি স্বচ্ছতা দেওয়া। আমরা একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার ওপর মনোযোগ দিচ্ছি, যা চলচ্চিত্র নির্মাতাদের আত্মবিশ্বাসের সাথে কাজ করতে সাহায্য করবে। বেসরকারি খাতকে শক্তিশালী করবে এবং এমন মানসম্পন্ন বিনিয়োগ আকর্ষণ করবে।”
সাংস্কৃতিক উন্নয়ন তহবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদ আল-হুগাইল বলেন, “সাংস্কৃতিক খাতের জন্য একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবেই প্রণোদনা বিতরণের পদ্ধতি উন্নত করার এই প্রচেষ্টা চালানো হচ্ছে।”