১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছুটির দিনের মঞ্চে ‘কমলা রঙের বোধ’ ও ‘পুলসিরাত’

কবি জীবনানন্দ দাশের জীবন-অনুপ্রাণিত নাটক ‘কমলা রঙের বোধ’ থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনা। আর ভাগ্যবিড়ম্বিত মানুষের কাহিনী নিয়ে ‘পুলসিরাত’ মঞ্চে এনেছে প্রাচ্যনাট।

ছুটির দিনের মঞ্চে ‘কমলা রঙের বোধ’ ও ‘পুলসিরাত’
‘পুলসিরাত’ ও ‘কমলা রঙের বোধ’ নাটকের পোস্টার। ছবি: প্রাচ্যনাট ও থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

রাজধানীতে শুক্রবার ছুটির দিনে মঞ্চে উঠছে দুই ভিন্নধর্মী নাটক। 

শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতির মঞ্চে দর্শকরা দেখতে পাবেন কবি জীবনানন্দ দাশের জীবন-অনুপ্রাণিত নাটক ‘কমলা রঙের বোধ’ এবং ভাগ্যবিড়ম্বিত মানুষের কাহিনী নিয়ে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’।

এর মধ্যে 'পুলসিরাত' মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। এটি প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা।  

নাটকের গল্পে দেখা যাবে, প্রচণ্ড গরমে রোদে পুড়ে মরুভূমির পথে একটি লরি এগিয়ে যায়। তিনজন মানুষ ছুটে চলে সচ্ছল জীবনের স্বপ্নে; তপ্ত মরুর বালুতে পা পুড়িয়ে এবং মাথার ওপর জ্বলন্ত সূর্য নিয়ে। মনে হয়, এ পথ যেন ‘পুলসিরাত’।

‘পুলসিরাত’ নাটকের দৃশ্য। ছবি: প্রাচ্যনাটের সৌজন্যে।

‘পুলসিরাত’ নাটকের দৃশ্য

ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল, নির্দেশনায় আছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল ও সাইফুল ইসলাম জার্নাল।

মঞ্চসজ্জা করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল এবং আলোক পরিকল্পনায় বাবর খাদেম।

শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনা ‘কমলা রঙের বোধ’।

কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এ নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন আলোক বসু।

‘কমলা রঙের বোধ’ নাটকের দৃশ্য। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে।  

‘কমলা রঙের বোধ’ নাটকের দৃশ্য

‘কমলা রঙের বোধ’ নাটকে জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শোভনা, কুসুমকুমারী দাশ, সত্যানন্দ দাশ, সুচরিতা, বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শামসুদ্দিন আবুল কালাম, মঞ্জুশ্রী দাশসহ বিভিন্ন চরিত্র রয়েছে।

অভিনয় করছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাঈদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনুর ইহসান দিগন্ত, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, নওরীন পাঁপড়ী, শিশির বিন্দু, সূর্য সরকারসহ আরও অনেকে।

আরও পড়ুন:জীবনানন্দকে ঘিরে মঞ্চে 'কমলা রঙের বোধ'