১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জীবনানন্দকে ঘিরে মঞ্চে ‘কমলা রঙের বোধ’

নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে শুক্রবার সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

জীবনানন্দকে ঘিরে মঞ্চে ‘কমলা রঙের বোধ’
‘কমলা রঙের বোধ’ নাটকের পোস্টার। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 06:45 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে রচিত নাটক ‘কমলা রঙের বোধ’ মঞ্চস্থ করতে যাচ্ছে থিয়েটার ফ্যাক্টরি। 

নাটকটি রচনা করেছেন আলোক বসু, নির্দেশনাও তিনিই দিয়েছেন।  

থিয়েটার ফ্যাক্টরি প্রযোজিত এই নাটকটি ‘জীবনানন্দ নাট্য উৎসবের’ অংশ হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে এবং এটি তাদের পঞ্চম প্রযোজনা।  

‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে।

‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া

বিজ্ঞপ্তিতে থিয়েটার ফ্যাক্টরি জানিয়েছে, নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে শুক্রবার সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। 

উৎসবে দুই কিস্তিতে নাটকটির আটটি প্রদর্শনী হবে। শুক্র থেকে রোববার টানা তিন দিনে প্রথম কিস্তির চারটি প্রদর্শনী রয়েছে। 

শনিবার সন্ধ্যা ৭টায় এবং রোববার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শনী রয়েছে। 

দেড় সপ্তাহ পর হবে বাকি চার প্রদর্শনী। দ্বিতীয় কিস্তির প্রদর্শনীর দিনক্ষণ এখনো জানায়নি থিয়েটার ফ্যাক্টরি।

থিয়েটার ফ্যাক্টরি বলছে, জীবনানন্দ দাশের কবিতার মত তার চরিত্রে ছিল ‘কমলা রঙের' মত প্রখর সংবেদনশীলতা। আর তার সাহিত্যে-কবিতায় রয়েছে ‘বোধের' দোলাচল। এই দুইয়ের মিলনে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘কমলা রঙের বোধ’, যেখানে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হবেন।

‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে।

‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া

এতে জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শোভনা, কুসুমকুমারী দাশ, সত্যানন্দ দাশ, সুচরিতা, বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শামসুদ্দিন আবুল কালাম, মঞ্জুশ্রী দাশসহ বিভিন্ন চরিত্র রয়েছে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাঈদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনুর ইহসান দিগন্ত, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, নওরীন পাঁপড়ী, শিশির বিন্দু, সূর্য সরকারসহ আরও অনেকে।

‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া। ছবি: থিয়েটার ফ্যাক্টরির সৌজন্যে।

‘কমলা রঙের বোধ’ নাটকের মহড়া

নাটকের আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মোহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।

১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় ট্রাম দুর্ঘটনায় পড়েন। নাটকের আখ্যান শুরু সেখান থেকেই। দুর্ঘটনার পর ২২ অক্টেবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি।