Published : 12 Jan 2026, 03:46 PM
দর্শক-সমালোচকদের আলোচনায় ছিল লিওনার্দো ডি ক্যাপ্রিও নাকি টিমোথি শ্যালামে, কে জিতবেন ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’। কারণ ফিল্ম ক্রিটিকস সার্কেল, ন্যাশনাল বোর্ড অব রিভিউ এবং ন্যাশনাল সোসাইটি অব ফিল্ম ক্রিটিকসে দাপট দেখিয়েছিল লিওনার্দো ডি ক্যাপ্রিওর ‘ওয়ান ‘ব্যাটল আফটার অ্যানাদার’।
তবে কিছু সমালোচকরা বারবার বলেছিলেন শ্যালামের ‘মার্টি সুপ্রিম’ সিনেমাটি এগিয়ে যাবে। হয়েছেও তাই। ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ এর ৮৩তম আসর প্রথমবারের মত এই পুরস্কার জিতেছেন হলিউডের এই সময়ের আলোচিত অভিনেতা শ্যালামে।
জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একজন প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার পেলেন শ্যালামে। সিনেমাটি কমেডি ঘরানার।
এর আগে চারবার ‘কল মি বাই ইয়োর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওংকা’ এবং গেল বছরের আলোচিত সিনেমা ‘আ কমপ্লিট আননোন’ এর জন্য ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে’ শ্যালামে মনোনীত হলেও পুরস্কার ছিল অধরা।

এবার বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা বিভাগে ‘মার্টি সুপ্রিম’ সিনেমার জন্য এ পুরস্কার পেলেন ৩০ বছর বয়সী শ্যালামে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে পুরস্কারের ট্রফি হাতে নিয়ে শ্যালামে বলেন, এই পুরস্কার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাকে আরও উৎসাহী করে তুলেছে।
শ্যালামে বলেন, “আমার বাবা ছোটবেলা থেকে আমাকে কৃতজ্ঞ থাকার শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, ‘যা আছে, যা পাচ্ছতার জন্য সব সময় কৃতজ্ঞ থাকবে’, সেই শিক্ষাই আমাকে আগের পুরস্কার অনুষ্ঠানগুলোয় খালি হাতে ফিরেও মাথা উঁচু করে থাকতে শিখিয়েছে।
“সত্যি বলতে কি, ওই হারগুলোই আজকের এই অসামান্য মুহূর্তকে আরও মধুর করে তুলেছে।”
‘মার্টি সুপ্রিম’ সিনেমার পরিচালক, চিত্রনাট্যকার ও সহশিল্পীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন শ্যালামে।
তিনি বলেন, “জশ সাফদি, হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আপনাকে। এই চরিত্রের জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা রইল।”
অভিনয়ের পাশাপাশি ‘মার্টি সুপ্রিম’ সিনেমার প্রচারে চষে বেড়িয়েছেন শ্যালামে।
গেল বছরের বড়দিনে মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘মার্টি সুপ্রিম’ বিশ্বব্যাপী ৮৪ মিলিয়ন ডলার আয় করেছে।