১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুন-রক্তপাত আর রহস্যে মোড়া 'আলী' সিনেমার ট্রেইলার

ট্রেইলার প্রকাশের পর সোশাল মিডিয়ায় বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন পরিচালক বিপ্লব হায়দার।

খুন-রক্তপাত আর রহস্যে মোড়া 'আলী' সিনেমার ট্রেইলার
'আলী' সিনেমার ট্রেইলারের পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 10:32 AM

Updated : 10 Sep 2026, 12:44 PM

"ভিকটিমরা খুব নৃশংসভাবে খুন হয়েছে, এটা দেশের মানুষের কাছে যেমনি ভয়ের তেমনি আতঙ্কের”-এমন সংলাপে শুরু হয়েছে ‘আলী’ সিনেমার ট্রেইলার। 

যা এসেছে প্রকাশ্যে। বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’ মুক্তি পাবে শুক্রবার। 

জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া এক মিনিট ২৩ সেকেন্ডের ট্রেইলারে আছে অ্যাকশনের দৃশ্য, একের পর এক খুন; এবং কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বাকপ্রতিবন্ধী আলীর বিচারের ঘটনা। 

'আলী' সিনেমার ট্রেইলারের দৃশ্য। ছবি: নির্মাতার ফেইসবুক থেকে নেওয়া।

'আলী' সিনেমার ট্রেইলারের দৃশ্য

চিত্রনাট্য বলছে পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই–বোন আলী ও রশ্নি একে অপরের পরিপূরক। বাকপ্রতিবন্ধী আলী নিজেকে বেঁধেছে ছোট্ট নিজস্ব গণ্ডিতে। আলী সেই পৃথিবীতে রশ্নি তার একমাত্র আশ্রয়। তবে এক দুর্ঘটনায় আলাদা হয়ে যায় ভাইবোন।

আলী আর তার বোনের আশ্রয়-আস্থার সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম তুলা হয়েছে চিত্রনাট্যে।

সিনেমার পোস্টার তৈরি ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্মাতা বিপ্লব হায়দার।

ট্রেইলার প্রকাশের পর সোশাল মিডিয়ায় বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

হায়দার বলেন, "প্রশংসা পাচ্ছি, অন্যরকম অনুভূতি হচ্ছে। চেষ্টা করব সকল চ্যালেঞ্জ উত্তরে সিনেমাটি আগলে রাখার।"

সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াত, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, ক্রিস্টানো তন্ময়, তাশিক নবীরা, মো. ইকবাল, মীর শহীদ ও মেঘ বাদশা।

সিনেমাটি প্রযোজনা করেছে তরী মাল্টিমিডিয়া। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।  

এর আগে নির্মাতা বিপ্লব হায়দার ও ইরফান সাজ্জাদ জুটির 'ভয়াল' নামের সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।