১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নজরুল স্মরণে এল কোক স্টুডিওর চতুর্থ মৌসুমের প্রথম গান

গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাদের সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক।

নজরুল স্মরণে এল কোক স্টুডিওর চতুর্থ মৌসুমের প্রথম গান
‘রুম ঝুম’ গানের পোস্টার। ছবি: কোক স্টুডিও বাংলার সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 09:34 PM

Updated : 10 Sep 2026, 12:48 PM

কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের প্রথম গান ‘রুম ঝুম’ প্রকাশ্যে এসেছে।

নজরুল জয়ন্তী ঘিরে শনিবার রাতে এ স্টুডিওর ইউটিউব চ্যানেলে এসেছে গানটি।

নতুন এ গানের বিষয়ে বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা বলেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে এক বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে চতুর্থ সিজন শুরু করা হয়েছে।

‘রুম ঝুম’ গানটির মূল সুর অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে নেওয়া, যা নজরুল গ্রহণ করে বাংলায় ‘রুম ঝুম’ নামে বর্ষার কবিতায় রূপান্তর করেছিলেন। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাদের সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক।  

গানটি নিয়ে মাহতিম শাকিব বলেন, “‘রুম ঝুম’ গানের অংশ হতে পারা আমার জন্য সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে। কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের সাথে সংযুক্ত করার মত করে উপস্থাপন করা হচ্ছে এবং একইসাথে এর মূল শেকড় ও ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান ও নিবেদন বজায় রাখা হয়েছে।”

কোক স্টুডিওতে কাজের অনুভূতি তুলে ধরে নুসরাত জাহান বলেন, “‘রুম ঝুম’ গানটি আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত এবং ভীষণ অর্থবহ। গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু ভাইয়া, যিনি ছোটবেলা থেকেই আমার এবং আমার ভাই সাইফের শিক্ষক ছিলেন। এই কোলাবরেশন আমার কাছে একটি স্বপ্নপূরণের মত।”

চতুর্থ মৌসুমে মোট আটটি গান থাকবে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীত ধারার ওপর ভিত্তি করে তৈরি হওয়ার কথা বলেছে প্ল্যাটফর্মটি।