১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহরুখের সিগনেচার পোজে মামদানি

রসিকতা করে মামদানি বলেন, “কোনো বন্ধুকে ফোন করে জানতে পারলে ভালো হত।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

তিন দশকের বেশি সময় আগে বলিউডের শাহরুখ খান দুহাত প্রসারিত করে আলিঙ্গনে আবদ্ধ সেই যে একটি পোজ দিলেন, সেই থেকে ব্যাপারটি আইকনিক। যে কোনো উৎসবে মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের ব্যালকনি বা ছাদে দাঁড়িয়ে আলিঙ্গনের আহ্বানে যখন শাহরুখ দুই হাত প্রসারিত করেন, তখন হাজারো ভক্ত উচ্ছ্বাসিত হয়ে ওঠেন।

বলা হয় এটি শাহরুখের সিগনেচার পোজও। শাহরুখের সঙ্গে এই পোজ এখন যেন সমার্থক।

ব্রিটিশ গায়ক এড শিরান থেকে শুরু করে দেশ-বিদেশের অনেক তারকা শাহরুখকে অনুকরণ করে এই পোজ দেন। এবার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে দেখা গেল সেই পোজে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই হাত প্রসারিত করে মামদানি শাহরুখের ওই পোজ দিয়েছেন। 

মামদানি ভারতীয় পরিচালক মীরা নায়ারের ছেলে। তিনি এর আগে নিজেকে হিন্দি সিনেমার একজন অনুরাগী বলে তুলে ধরেছিলেন। 

নির্বাচনে জয় পাওয়ার পর চলতি মাসের শুরুতে ব্রুকলিনে মামদানির বিজয় ভাষণের ফাঁকে মঞ্চে হিন্দি সিনেমার গান ‘ধুম মাচালে’ বাজানো হয়েছিল। 

সাংবাদিক মেহদি হাসান জিটিওর সাক্ষাৎকারে মামদানির এক ধরনের পরীক্ষা নিয়েছেন।

মেহদী হাসান বলেন, তিনি বলিউডের সিনেমার গানের মিউজিক বাজাবেন, মামদানিকে গানের নাম বলতে হবে।

প্রথম গানটি ছিল শাহরুখের ‘দিল সে’ সিনেমার গান ‘ছাঁইয়া ছাঁইয়া’। মামদানি সঠিক উত্তর বলতে সময় নেন মাত্র কয়েক সেকেন্ড।

এরপর শাহরুখে ‘কাল হো না হো’ সিনেমার ‘ইটস দ্য টাইম টু ডিসকো’ বাজানো হয়; মামদানি অবশ্য তা ধরতে পারেননি। 

রসিকতা করে মামদানি বলেন, “কোনো বন্ধুকে ফোন করে জানতে পারলে ভালো হত।”

তৃতীয় গান বাজানো হয় ‘বোলে চুড়িয়া’। মামদানি গানের নাম বলতে চেষ্টা করেছিলেন।

চোখ বন্ধ করে বলেন, “আমার মনে হচ্ছে, শাহরুখ খান গানের তালে নাচছেন।”

এরপর দুই হাত দুপাশে প্রসারিত করে সেই আইকনিক পোজ দেন।