Published : 15 Oct 2025, 06:00 PM
‘চড়া’ পারিশ্রমিক ও ৮ ঘণ্টার কাজের শিফট নিয়ে হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে আলোচনার মধ্যে অভিষেক বচ্চনের একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যেখানে তিনি অক্ষয় কুমারের ৮ ঘণ্টার কাজের শিফট নিয়ে কথা বলছেন।
ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’ লিখেছে, ভিডিওটি ‘দ্য কপিল শর্মা শোয়ের’ একটি পর্বের।
যেখানে অভিষেক বলেন, “শুটিংয়ে প্যাক আপ বলতেই যিনি সবচেয়ে বেশি খুশি হন, তিনি হলেন অক্ষয় কুমার। আট ঘণ্টার বেশি কাজ তার ধাতে নেই।”
অক্ষয়ের কাজ করা পদ্ধতি বর্ণনায় অভিষেক বলেছেন, অক্ষয় সকাল ৭টায় সেটে পা রাখেন, আর সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় মিটার।
“আট ঘণ্টা মানে, সময় শেষ হলেই মাঝখানে শট চলাকালীনই কাজ বন্ধ করে দেবে, তার পর পোশাক বদলে নিয়ে, মেকআপ তুলে চলে যাবে।”
‘চড়া’ পারিশ্রমিক ও কর্মঘণ্টা নিয়ে শর্ত বেঁধে দেওয়ার জেরে দুইটি সিনেমা থেকে বাদ হওয়ার পর প্রবল সমালোচনা ও বিতর্কের মধ্যেও চুপ ছিলেন বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন। অবশেষে পাঁচ মাস পর নীরবতা ভেঙেছেন তিনি।
কদিন আগে ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সোজাসাপ্টা কথা বলেছেন সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া সাক্ষাৎকারে।
তিনি বলেন, “পুরুষ তারকারা বহু বছর ধরেই ৮ ঘণ্টা কাজ করেন। আমি যদি নারী বলে এই দাবি জেদ মনে হয়, তাহলে তাই হোক। কিন্তু এটা তো গোপন কিছু নয় যে ভারতীয় চলচ্চিত্রশিল্পে অনেক পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে দিনে ৮ ঘণ্টা কাজ করছেন। এটা নিয়ে কখনই খবরের শিরোনাম হয়নি।”
কারও নাম নিতে চান না মন্তব্য করে দীপিকা বলেন, “তবে সবাই জানে, অনেক পুরুষ অভিনেতা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করেন, সাপ্তাহিক ছুটিতেও তারা কাজ করেন।”
দীপিকার কথায় ভারতীয় চলচ্চিত্রশিল্পকে শিল্প কখনোই সংগঠিতভাবে চলেনি।
তিনি আলোচনায় আসেন ‘স্পিরিট’ সিনেমা ঘিরে। মাসখানের আগে খবর আসে ২০ কোটি রুপি পারিশ্রমিক চাওয়ায়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দিয়েছেন। এছাড়া সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন নায়িকা।
দীপিকার ‘অস্বাভাবিক’ দাবির কারণেই নাকি পরিচালক এই সিদ্ধান্ত নেন।
এছাড়া দীপিকা আট ঘণ্টার বাইরে কাজ করতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। বলেছিলেন তেলেগু ভাষায় সংলাপ বলতেও তার সমস্যা আছে।
‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়ার ঘটনা নিয়ে বলিউডে এর পর শুরু হয় অভিনেত্রীর পক্ষে-বিপক্ষে বিতর্ক।
এর মধ্যে শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে 'মতানৈক্যের জেরে' ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিকুয়েল থেকেও বাদ পড়েন এই নায়িকা।
পারিশ্রমিক নিয়ে সাক্ষাৎকারে দীপিকা বলেন, এই বিষয়টি নিয়ে তার লড়াই নতুন নয়।