১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'অনেকেই মনে করেন, আমি এখনো বিবাহিত': বিচ্ছেদ নিয়ে বিন্দু

“বিচ্ছেদ নিয়ে কোনো ব্যাখ্যা দিয়ে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না।"

'অনেকেই মনে করেন, আমি এখনো বিবাহিত': বিচ্ছেদ নিয়ে বিন্দু
আফসান আরা বিন্দু।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 12:03 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

বিচ্ছেদের তিন বছর পর বিয়ের গুঞ্জন ও সংসার জীবনের অভিজ্ঞতার কথা বলছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু।

তার কথায়, বিচ্ছেদের জন্য অনেকে সময় বড় কারণ বা ঘটনার প্রয়োজন হয়। আবার অনেক সময় এসব বাহুল্য। 

মাছরাঙা টেলিভিশনের একটি প্রোগ্রামে অথিতি হয়ে গিয়েছিলেন বিন্দু। সেখানে সঞ্চালকের কিছু প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

২০১৪ সালে ব্যবসায়ী আসিফ সালাহউদ্দিন মালিককে বিয়ে করেন বিন্দু। বিয়ের পর বিনোদন অঙ্গন থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। অভিনয় ছেড়ে হয়ে সংসারে মনোযোগী হন। তার বিয়ের চার বছর পর বিচ্ছেদের একটা খবর এসেছিল। তবে বিচ্ছেদ নিয়ে তখন কোনো কথা বলেননি বিন্দু কিংবা তার স্বামী।  

অবশেষে অভিনেত্রী বলেন, ২০২২ সালে বিচ্ছেদ হয়েছে তার। তবে আলাদা বসবাস করছিরেন ২০১৭ সাল থেকে। 

বিন্দু বলেন, "অনেকেই মনে করেন, আমি এখনো বিবাহিত। কিন্তু না, আমার বিচ্ছেদ হয়ে গেছে। আমার সংসারের জার্নিটা অনেক ছোট ছিল।" 

বিচ্ছেদ নিয়ে বিন্দু বলেন, "আলাদা হওয়ার জন্য অনেক সময় বড় কারণ থাকে, বড় ঘটনা ঘটে। অনেক সময় আবার তেমন কোনো কারণও দরকার হয় না। আমার এই জার্নিতে আরও একজন মানুষ জড়িত। তারও ব্যক্তিগত জীবন আছে। বিচ্ছেদ নিয়ে কোনো ব্যাখ্যা দিয়ে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না।"  

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে বিনোদন দুনিয়ায় যাত্রা শুরু হয় বিন্দুর। অল্প দিনেই হয়ে ওঠেন নিয়মিত মুখ। ছোট পর্দার পাশাপাশি বিন্দু অভিনয় করেছেন সিনেমাতেও। 

ক্যারিয়ারের শুরুতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। পর্দায় তাদের জুটি বেশ জনপ্রিয়তা পায়।

প্রায় এক দশকের বিরতি কাটিয়ে ২০২৩ সালে ‘উনিশ ২০’ ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে ফেরেন বিন্দু। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে বিন্দুর বিপরীতে ছিলেন আরিফিন শুভই। তবে এরপর আর কোনো কাজে দেখা যায়নি বিন্দুকে।  

এখন নিয়মিত অভিনয় করতে চান তিনি।

বিন্দু বলেন, "শিল্পী হিসেবে কাজ করতে প্রস্তুত। এখন আমাকে নিয়ে কাজ করার চিন্তা, আমার পেছনে ইনভেস্ট করার বিষয়গুলো ভাবতে হবে। এমন ধরনের কাজ করতে চাই, যেগুলো এখনো করিনি। আমি চাই, নির্মাতারা আমাকে নিয়ে এমনভাবে ভাবুক, যেমনটা আগে ভাবা হয়নি।"