০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

অনুপম রায়ের নতুন অ্যালবাম ‘ব্যথা নেই’

‘ব্যথা নেই’ অ্যালবামে রয়েছে আটটি গান।

অনুপম রায়ের নতুন অ্যালবাম ‘ব্যথা নেই’

anupam-roy-album-011026-0

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 07:13 PM

Updated : 01 Oct 2026, 07:14 PM

দুর্গাপূজার আগে নতুন অ্যালবাম প্রকাশ্যে আনলেন ভারতের পশ্চিমবঙ্গের গায়ক অনুপম রায়।

অ্যালবামের নাম, ‘ব্যথা নেই’ প্রকাশ হয়েছে বুধবার।

অ্যালবামের এমন নাম কেন? জানতে আনন্দবাজার পত্রিকাকে গায়ক বলেন, “পুরনো সব কিছু মুছে গিয়ে মানুষ যখন এক স্বস্তির জায়গায় এসে দাঁড়ায়, তখনই বলা যায় ব্যথা নেই। ভেতর থেকেই তখন অনুভব করা যায়, সত্যিই আর কোনও ব্যথা নেই।”

অনুপম ও তার স্ত্রী গায়িকা প্রস্মিতা পালের সংসারে নতুন অতিথি আসে গেল ১৭ অগাস্ট। ছেলের জন্ম গানটির অর্থ আরও জোরালো করেছে বলে মনে করেন অনুপম। তার স্ত্রী যখন ছেলেকে নিয়ে হাসপাতালে ছিলেন, সে সময় অ্যালবামের কথা সামনে আনেন অনুপম।

‘ব্যথা নেই’ অ্যালবামে রয়েছে আটটি গান। চলতি বছরের শুরুর দিক থেকে একে একে মুক্তি পেয়েছে সেই গানগুলি। ‘অবাস্তব প্রেম’, ‘শান্তিনিকেতন’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় হয়। এই সব গানগুলির সংকলিত সংস্করণই অ্যালবাম ‘ব্যথা নেই’।

এই অ্যালবামের শেষ মুক্তিপ্রাপ্ত গান ‘ব্যথা নেই’। গানের প্রথম পংক্তি ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে।’

এর আগে অনুপম বলেছিলেন, “আমি কবি ভাস্কর চক্রবর্তীর বড় ভক্ত। তার একটি কবিতায় এই পংক্তিটি ছিল— ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে।’ সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছিলাম। গানের সুর আবার পাশ্চাত্য লোকসঙ্গীতের আধারে তৈরি। এই গানটি আসলে ‘হিলিং’-এর গান। একটা মানুষের সুস্থ জীবনে ফিরে আসার গান।”

ষোল বছর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মত থাকতে দাও’ গানটি গেয়ে আলোয় আসেন অনুপম। তিনি নিজেই গান লেখেন, তাতে সুরও দেন।

গত ২৬ জুন ঢাকায় পারফর্ম করার কথা ছিল অনুপম। কিন্তু শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত হয়। এর পরে অগাস্টের এক তারিখে ঢাকায় ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরে ওই কনসার্টও ফের স্থগিত করা হয়েছে।