Published : 02 Jul 2026, 07:33 PM
কোভিড মহামারীর পর তিন বছর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বলিউডকে মন্দা দশা থেকে টেনে তুলেছিলেন অভিনেতা শাহরুখ খান। একই বছর মুক্তি পায় তার ‘ডানকি’ সিনেমা। সবাই ভেবেছিল সাফল্যের খাতায় হ্যাটট্রিক করবেন নায়ক, কিন্তু তা হয়নি। চিত্রনাট্য ‘ভালো হওয়া’ সত্বেও ভরাডুবি হয় রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’।
সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, কদিন আগে সঞ্জয় অরোরার ইউটিউব চ্যানেলে এতদিন বাদে সেই ব্যর্থতা নিয়ে কথা বলেছেন পরিচালক হিরানি।
হিরানি পরিচালিত প্রায় প্রতিটি সিনেমাই বক্স অফিসে ব্লকব্লাস্টার হয়েছে। তবে হিরানি ও শাহরুখের ওই যুগলবন্দি দর্শকদের মন পুরোপুরি জয় করতে পারেনি।
পরিচালক বলেন, প্রতিটি সিনেমা বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন মানুষকে স্পর্শ করে। যখন ‘থ্রি ইডিয়টস’ তৈরি করা হয়েছিল, তখন সেই সিনেমার মূল বিষয়বস্তু ছিল শিক্ষা ব্যবস্থা, যা মানুষের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল।
অন্যদিকে, ‘ডানকি’ এমন একটি সিনেমা, যার পরিধি মূলত অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
সিনেমার মূল বিষয়বস্তু এবং সাধারণ দর্শকদের মানসিকতার মধ্যে তৈরি হওয়া ব্যবধানের কথা স্বীকার করে হিরানি বলেন, “আমাদের সিনেমার দর্শক মূলত মধ্যবিত্ত শ্রেণির, যারা খুব সহজেই ভিসা পেয়ে যান। কিন্তু সমাজে এমন কিছু জনগোষ্ঠী বা মানুষ আছেন, যাদের ভিসা কোনোমতেই অনুমোদিত হয় না। আমরা মার্কিন ভিসা পেলে সহজেই ঘুরতে চলে যাই। কিন্তু যাদের ব্যাংক ব্যালেন্স নেই, তারা কী করবেন? তারা যেখানে জন্মেছেন সেখানেই থাকতে বাধ্য হন, তাদের কাছে ভ্রমণের কোনো সুযোগই থাকে না।”
পরিচালকের মতে, কেবল এই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া মানুষগুলোই সিনেমার মূল ভাবার্থ উপলব্ধি করতে পারবেন।
দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ‘ডানকি’ নিয়ে মনে কোনো আফসোস বা হতাশা নেই হিরানির।
তিনি বলেন, এমন নয় যে এই সিনেমার সঙ্গে কেউ একাত্ম হতে পারেননি। তিনি নিজে এই সৃষ্টি নিয়ে ভীষণ গর্বিত বলে ভাষ্য হিরানির।
“যদি কোনো সিনেমার বিষয়বস্তুর সঙ্গে বেশিরভাগ মানুষ নিজেকে মেলাতে না পারেন, তবে সেই সিনেমা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলতে পারে না। প্রতিটি চলচ্চিত্র নির্মাতার জীবনেই এমন একটি গ্রাফ বা সময় আসে, যখন তার তৈরি চলচ্চিত্র বৃহত্তর দর্শক সমাজকে প্রভাবিত করতে ব্যর্থ হয়। ‘ডানকি’ আসলে মানুষ বুঝতেই পারেনি। সবাই সব কিছু বোঝে না।”
হিরানির কথায় সিনেমা মুক্তির পর তিনি আমেরিকা এবং কানাডা থেকে এমন অনেক মানুষের বার্তা পেয়েছিলেন, যারা বাস্তব জীবনে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং যাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা পরিচালককে জানিয়েছিলেন যে, দেশ ছেড়ে আসার যন্ত্রণা প্রতি মুহূর্তে তাদের কুড়ে কুড়ে খাচ্ছে এবং দেশে থাকলেই বোধহয় তারা অনেক ভালো করতেন।
‘ডানকি’ সিনেমায় শাহরুখের সঙ্গী হয়েছিলেন অভিনেত্রী তাপসী পান্নু, ভিকি কৌশলসহ আরও অনেকে।
‘ডানকির’ পর শাহরুখের আর কোনো কাজ পর্দায় আসেনি। চলতি বছর এই অভিনেতার ‘কিং’ মুক্তির কথা রয়েছে।