১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহরুখের যে ইচ্ছার কথা জানালেন কমল হাসান

"শাহরুখ তার মনের সব ইচ্ছা বা শখের কথা একটি ছোট ডায়েরিতে লিখে রাখে। আর সেই ডায়েরি মেনেই সে তার শখ পূরণ করেন।"

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 08:04 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

বলিউড তারকা শাহরুখ খান শখ করে কাছের মানুষদের রান্না করে খাওয়ান, মাঝেমধ্যে শখ করে জোরে গান বাজিয়ে বাড়িতে নাচেনও। কিন্তু তার আরেকটি শখের কথা অজানা ছিল সবার। সেটি জানিয়ে দিলেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা কমল হাসান।

সেই শখটি হল, একটি বিমান কিনতে চান শাহরুখ খান।

ইন্ডিয়া টুডে লিখেছে, এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এসে এই কথা বলেছেন কমল। 

তিনি বলেন, " শাহরুখ একবার বলেছিল সে বিমান কিনতে চায়। আপনারা জানেন কি না জানি না, শাহরুখ তার মনের সব ইচ্ছা বা শখের কথা একটি ছোট ডায়েরিতে লিখে রাখে। আর সেই ডায়েরি মেনেই সে তার শখ পূরণ করে।"

শাহরুখের এই অভ্যাসই তাকে এতদূর নিয়ে এসেছে বলে মনে করেন কমল হাসান। 

তিনি নিজেও এমন কিছু করেন কী না জানতে চাইলে কমল হাসান বলেন, "আমার অনেক ইচ্ছা রয়েছে। যা এখনও পূরণ হয়নি। তবে আমি সেগুলোর কোনো তালিকা করে রাখি না। কারণ আমার মনে হয় তালিকা বানালে সেটা চাহিদা হয়ে যায়। ইচ্ছা হয়ে আর থাকে না।”

আগামীতে কমল হাসানকে দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। আগামী ২৭ জুন মুক্তি পেতে চলা ৬০০ কোটি রুপি বাজেটের ‘কল্কি ২৮৯৮ এডি’ ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমার একটি হতে চলেছে।

এই সিনেমায় কমলের সঙ্গে আছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। এছাড়া এই প্যান ইন্ডিয়া সিনেমায় দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন।

এদিকে গত বছর বলিউডকে মন্দা থেকে ফিরিয়ে আনা নায়ক শাহরুখ খানের আগামী কোনো সিনেমার নাম এখনো সামনে আসেনি। শোনা যাচ্ছে নতুন ধরনের কাজের জন্য নিজেকে তৈরি করছেন তিনি।