১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় মঞ্চে আরণ্যকের ‘রাঢ়াঙ’

নাটকের কাহিনী আবর্তিত হয়েছে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নিয়ে।

শিল্পকলায় মঞ্চে আরণ্যকের ‘রাঢ়াঙ’
‘রাঢ়াঙ’ নাটকের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 10:38 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

'আরণ্যক' নাট্যদলের সাড়া জাগানো নাটক ‘রাঢ়াঙ’ ফের মঞ্চে আসছে। 

রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টারল থিয়েটার হলে সোমবার রয়েছে নাটকটির প্রদর্শনী।

'আরণ্যক' নাট্যদল জানিয়েছে, সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটি। ‘রাঢ়াঙ’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।

নাটকের কাহিনী আবর্তিত হয়েছে ২০০০ সালে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নিয়ে। এ বিদ্রোহে নেতৃত্ব দেন তরুণ আলফ্রেড সরেন। তার নেতৃত্বে সাঁওতালদের সে বিদ্রোহ দেশব্যাপী আলোড়ন তুলেছিল।

বিদ্রোহ দমাতে না পেরে জোতদারের দল আলফ্রেড সরেনকে হত্যা করেছিল। তার সেই আত্মদানের গল্প নিয়ে মামুনুর রশীদ রচনা করেন নাটক ‘রাঢ়াঙ’। 

‘রাঢ়াঙ’ একটি সাঁওতালি শব্দ। এর অর্থ দূরাগত মাদলের ধ্বনি। দূরাগত মাদলের ধ্বনির সঙ্গে শোষিত সাঁওতালদের জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে এই নাটকে।

এ নাটকের মাধ্যমে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ঘাত-প্রতিঘাত, হাসি-কান্না, জন্মভূমি থেকে উচ্ছেদ ও হত্যার নির্মমচিত্র ফুটে উঠেছে।

‘রাঢ়াঙ’ আরণ্যকের ৪০তম প্রযোজনা। প্রথম মঞ্চায়ন হয় ২০০৪ সালে। 

এরপর ভারত ও দক্ষিণ কোরিয়া বেশকটি নাট্যোৎসবে মঞ্চায়ন হয়েছে এ নাটকের। ২০২২ সালে ঢাকার মঞ্চে নাটকটির ২০০তম প্রদর্শনী হয়।

আরও পড়ুন:

চঞ্চলসহ পুরনোদের নিয়েই রাঢ়াঙয়ের ২০০তম প্রদর্শনী