ফাইনালের বিশেষ আয়োজন, রাতে গাইবেন সঞ্জয় ও প্রীতম
বনানী ও ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে এই আয়োজন।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াইকে ঘিরে ফুটবল, সংগীত ও বিনোদনের সমন্বয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঢাকার দুটি জায়গায় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকছে কনসার্ট। এতে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব এবং সংগীতশিল্পী প্রীতম হাসান।
ঢাকার বনানী ও ইউনাইটেড কনভেনশন সেন্টারে রোববার রাতে হবে এই আয়োজন।
ফুটবল, সংগীত ও বিনোদনের সমন্বয়ে গত ১৪ জুলাই থেকে বনানী পূজা মাঠে চলছে ছয় দিনব্যাপী বিশেষ উৎসব 'ফ্যানফেস্ট' ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই আয়োজন করছে শাহ সিমেন্ট, ইকোফ্লো, অনার, ট্রিপল টাইম কমিউনিকেশনস ও এইচএসপি কমিউনিকেশন।
ট্রিপল টাইম কমিউনিকেশনসের নাফিস ওয়াহিদ নিঝুম গ্লিটজকে বলেন, রাত ১০টা থেকে ১১টায় থাকবে সঞ্জয়ের বিশেষ পরিবেশনা। এরমধ্যেই ঢাকায় পৌঁছে গেছেন তিনি, অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
এই অনুষ্ঠানে লাইভ কনসার্টের পাশাপাশি ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে বিনোদনমূলক নানা আয়োজন থাকছে। যেটা শুরু হবে সন্ধ্যা থেকেই।
“দিনটি ঘিরে দর্শকদের সেরা আয়োজন দিতে আমরা অপেক্ষায়।"
কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনীতে গান পরিবেশন করেন সঞ্জয়। ফিফার নতুন গান 'সির সির' পরিবেশন করেন সঞ্জয়। তার সঙ্গে ছিলেন নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম।
অনুষ্ঠানে গান পরিবেশনের সময় সঞ্জয়ের গায়ে যে জ্যাকেট ছিল তাতে এক হাতা জুড়ে ফুটে উঠেছিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের নকশা, জাতীয় ফুল শাপলা এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকার অনুষঙ্গ। সেই থেকে আলোচনায় এই সংগীতশিল্পী।
এই অনুষ্ঠানে সঞ্জয়ের পাশাপাশি পারফর্ম করবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।
টিকেট মূল্য ৩০০ থেকে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠান শেষেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে আরেকটি কনসার্টে অংশ নিতে সঞ্জয় ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন নিঝুম।
এদিকে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি অনুষ্ঠান।
সেখানে বিশাল পর্দায় ফাইনাল ম্যাচ দেখানোর পাশাপাশি দর্শকদের জন্য থাকছে কনসার্ট। এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী প্রীতম হাসান।
তার সঙ্গে মঞ্চে আরও থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। রোববার রাত থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে সকাল পর্যন্ত।
