Published : 31 Mar 2026, 10:08 AM
মাতৃত্বের পর জীবনকে নতুন দৃষ্টিতে দেখছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী কিয়ারা আদভানি। সন্তানের জন্মের পর নিজের মধ্যে তার সুরক্ষাবোধ আরও বেড়েছে, নিজেকে এখন ‘বাঘিনী’র সঙ্গে তুলনা করছেন এই অভিনেত্রী।
এনডিটিভি লিখেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কিয়ারা। তার ভাষ্য, মা হওয়ার পর জীবনে বড় পরিবর্তন এলেও অনেক কিছু আবার আগের মতই রয়েছে।
নিজের পরিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত করে কিয়ারা বলেন, ‘আমি এখন যেন বাঘিনীর মত হয়ে গেছি’।
নতুন মায়েদের সন্তানের প্রতি যে তীব্র সুরক্ষাবোধ তৈরি হয়, সেটির কথাই বোঝাতে কিয়ারা এই মন্তব্য করেন বলে এনডিটিভি লিখেছে।
গেল বছরের জুলাইয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। সন্তানের নাম রেখেছেন সারায়াহ। এরপর থেকেই মেয়েকে ঘিরেই তার নতুন জীবন শুরু হয়েছে।
কিয়ারা বলেন, “এখন জীবনকে আমি একেবারে ভিন্নভাবে দেখি। মনে হয় কিছুই গুরুত্বপূর্ণ নয়, আবার একই সঙ্গে সবকিছুই গুরুত্বপূর্ণ।”
২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমা করতে গিয়ে সহঅভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম হয় কিয়ারার। সেই প্রণয় থেকে দুজনে ঘর বাঁধেন ২০২৩ সালে।
মাতৃত্বের পাশাপাশি স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কেও পরিবর্তনের কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
কিয়ারা জানিয়েছেন, বিয়ের পর নিজের ঘর তৈরি করা এবং নিজেদের ছোট্ট পৃথিবী গড়ে তোলার মধ্যে দিয়ে তিনি আরও স্বাধীনতা অনুভব করছেন।
তিনি বলেন, "এই পরিবর্তনটা স্বাভাবিক হলেও খুব বড় পরিবর্তনের মত মনে হয়নি। বাকি সবকিছু আগের মতই রয়েছে।”
সিদ্ধার্থকে নিয়ে কিয়ারা বলেন, “বিয়ের আগে আমাদের যেমন খুনসুটি ছিল, একসঙ্গে ঘুরে বেড়ানো, আনন্দ করা সেসব এখনও আছে। আমরা একসঙ্গে সিনেমা দেখি। দর্শক হিসেবে যেমন দেখি, আবার অভিনেতা হিসেবেও দেখি। এরপর সেগুলো নিয়ে আলোচনা করতে আমাদের খুব ভালো লাগে।”
কিয়ারাকে আগামীতে দেখা যাবে ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’ সিনেমায়। যেখানে তার সঙ্গে রয়েছে দক্ষিণি সিনেমার যশ।
গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাটি আগামী বছরের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।