ওটিটিতে ‘এশা মার্ডার: কর্মফল’
সিনেমায় মার্ডার মিস্ট্রির গল্প আবর্তিত হয়েছে তিন তরুণীর খুন ও ধর্ষণের ঘটনা ঘিরে।
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি অবশেষে মুক্তি পেয়েছে ওটিটিতে।
বৃহস্পতিবার দুপুরে থেকে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে সিনেমাটি দেখা যাচ্ছে।
গত ২৪ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ‘এশা মার্ডার: কর্মফল’। কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর সিনেমার মুক্তি স্থগিত করা হয়। পরে ৩১ জুলাই মুক্তির নতুন তারিখ রাখা হয়।
সানী সানোয়ার পরিচালিত এই মার্ডার মিস্ট্রির গল্প আবর্তিত হয়েছে একটি শহরে তিন তরুণীর খুন ও ধর্ষণের ঘটনা ঘিরে।
তদন্তে নামে পুলিশ কর্মকর্তা লিনা, যার ভূমিকায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। এই সিনেমাতেই প্রথমবার পুলিশের চরিত্রে দেখা গেছে তাকে।
গত ৭ জুন শুধুমাত্র সিনেপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। সিনেমার প্রচারে বাঁধন নিয়মিতই ঘুরেছেন সিনেপ্লেক্সে।
‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন এবং সৈয়দ এজাজ আহমেদ।
সিনেমাটি প্রযোজনা করেছে ‘কপ ক্রিয়েশন’।
