Published : 10 Apr 2026, 10:31 PM
দীর্ঘ বিরতির একক কনসার্টে ফিরছে 'মেঘদল' ব্যান্ড। নববর্ষ ঘিরে ‘ঝোড়ো সময়ে গান’ শিরোনামের এক কনসার্টে পারফর্ম করবে দলটি।
আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ফেইসবুকে এক পোস্টে জানিয়েছে, আগামী ১৪ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট।
তিনঘণ্টার কনসার্ট সন্ধ্যা ৭টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।
আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসনসংখ্যা সীমিত হওয়ায় ‘সিটেড শো’ হিসেবে আয়োজনটি হবে, যেখানে আগে আসলে, আগে বসার সুযোগ পাবেন দর্শকরা।
এই আয়োজনে একক পরিবেশনায় মঞ্চে মাতাবে 'মেঘদল'। পাশাপাশি তিনজন অতিথি শিল্পীও থাকবেন বিশেষ এই সঙ্গীত সন্ধ্যায়।
কনসার্টটি দেখতে পাবেন ২০০ জন দর্শক; প্রতিটি টিকেটের দাম ধরা হয়েছে এক হাজার টাকা।
আয়োজন নিয়ে 'মেঘদল' ব্যান্ডের প্রধান শিবু কুমার শীল বলেন, "দীর্ঘ সময় পর আমরা আবার একক কনসার্টে অংশ নিতে যাচ্ছি। এই ধরনের কনসার্টে নিজেদের মত করে সময় নিয়ে পরিবেশনার সুযোগ থাকে। তাই নতুন ও পুরোনো গান মিলিয়ে শ্রোতাদের জন্য একটি ভিন্নমাত্রিক অভিজ্ঞতা উপহার দিতে চাই।"
২০০৩ সালে শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন এবং মাসুদ হাসান উজ্জ্বলকে নিয়ে গঠিত হয় ব্যান্ড 'মেঘদল'।
২০০৫ সালে প্রকাশ হয় তাদের ‘দ্রোহের মন্ত্রে ভালোবাসা’ শিরোনামের অ্যালবাম। এই অ্যালবাম দিয়েই যাত্রা শুরু হয় দলটির।
এরপর প্রকাশ হয় তাদের ‘শহরবন্দী’ অ্যালবাম, তাদের তৃতীয় অ্যালবামটি হচ্ছে ‘অ্যালুমিনিয়ামের ডানা’।
‘ওম’, ‘নেফারতিতি’, ‘এসো আমার শহরে’, ‘এ হাওয়া’, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ ও ‘গোলাপের নাম’সহ বেশ কিছু দর্শকপ্রিয় গান রয়েছে এই ব্যান্ডের।
বর্তমানে মেঘদলের লাইনআপে রয়েছেন শিবু কুমার শীল (কথা, সুর ও কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর ও কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর ও গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) এবং সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট ও স্যাক্সোফোন)।