Published : 13 Jul 2026, 12:31 AM
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পাশাপাশি বাস, ট্রেন, উড়োজাহাজসহ সব ধরনের গণপরিবহন ও জনসমাগমস্থলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও সৃষ্টিকর্ম প্রচারের প্রস্তাব দিয়েছেন দেশের নজরুল গবেষক, শিল্পী ও সাহিত্যিক ও আবৃত্তিকাররা।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এক সম্মিলন ও মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।
‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপনকে ফলপ্রসূ ও জনমুখী করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী এ সম্মিলনে দেশের প্রায় চার শতাধিক কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তিশিল্পী ও নজরুল গবেষক অংশ নেন।
উন্মুক্ত আলোচনায় কবির সৃষ্টি ও দর্শন লালনে নিজেদের মতামত তুলে ধরেন অধ্যাপক নাশিদ কামাল, ইয়াকুব আলী খান, গাজী আব্দুল হাকিম, সীমা ইসলাম, লুবনা মারিয়াম, খায়রুল আনাম শাকিল, সাদিয়া আফরীন মল্লিক, এ এফ এম হায়াত উল্লাহ, সাজু আহমেদ, ফাতেমা তুজ জোহরা ও সুজিত মোস্তফা, ফেরদৌস আরা, অধ্যাপক প্রিয়াংকা গোপ, মাহমুদুল হাসান, কল্পনা আনামসহ অনেকে।

তারা প্রস্তাব দিয়েছেন, শুধু নাচ, গান কিংবা কবিতায় সীমাবদ্ধ না থেকে যন্ত্রসংগীত, আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালার মাধ্যমে কবির দর্শনকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে।
পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে নজরুল প্রতিভা অন্বেষণ, বিদেশে ‘নজরুল কালচারাল সেন্টার’ স্থাপন, পাবলিক প্লেসে স্মৃতিস্তম্ভ ও নজরুল মিউজিয়াম নির্মাণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কবির সৃষ্টিকর্ম ব্যাপকভাবে সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রাথমিক বিদ্যালয় থেকেই জাতীয় কবির লেখনী ও গান পাঠ্যপুস্তকে আরও জোরালোভাবে অন্তর্ভুক্ত করার কথা বলেন।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান বক্তব্য রাখেন।