১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এরপর কি হল, বলব না’: জয়ার সঙ্গে প্রথম দেখা নিয়ে অমিতাভ

এ তারকা দম্পতি জুটি বেঁধে ‘অভিমান’, ‘শোলে’, ‘সিলসিলা’, ‘কভি খুশি কভি গম’-এর মত হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

‘এরপর কি হল, বলব না’: জয়ার সঙ্গে প্রথম দেখা নিয়ে অমিতাভ
‘অভিমান’ সিনেমার দৃশ্যে অমিতাভ-জয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

দাম্পত্যজীবনের পাঁচ দশকের বেশি সময় পার করেছেন ভারতীয় অভিনেত্রী জয়া ভাদুড়ি ও বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। কবে তাদের প্রথম দেখা হয় তা সামনে এনেছেন অমিতাভ।

শনিবার অমিতাভের ৮৩তম জন্মবার্ষিকীতে এনডিটিভি লিখেছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অমিতাভ কথা বলেন এক দর্শকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। 

এই শোয়ে অতিথি ছিলেন যাদের হাত ধরে অমিতাভ হয়ে ওঠেন এক কিংবদন্তি, তাদের একজন চিত্রনাট্যকার গীতিকার জাভেদ আখতার এবং তার ছেলে পরিচালক ফারহান আখতার।

শো চলার সময় একজন নারী অমিভাভকে জয়ার সঙ্গে তার প্রেমের শুরু নিয়ে প্রশ্ন করেন।

তার প্রশ্ন ছিল, “শোনা যায় জঞ্জির সিনেমার সেটে জয়াজির সঙ্গে আপনার প্রেমের গল্পের শুরু। আর এর পরেই আপনারা বিয়ে করেন। এটা কি সত্যি?”

অমিতাভ হেসে বলেন, “আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন, তাই আমি পরিষ্কার করে বরি, ‘আপনি একেবারেই ভুল’। 

বর্ষীয়ান এই অভিনেতার বলেন, ‘গুড্ডি’ সিনেমার শুটিং সেটে প্রথম জয়ার সঙ্গে তার দেখা হয়। 

“আমাকে আর জয়াকে গুড্ডি সিনেমায় নেওয়া হয়। ১০-১২ দিন শুটিংও করি। কিন্তু হৃষিকেশদা (পরিচালক হৃষিকেশ মুখার্জি) ভেবেছিলেন যে আমি হয়ত চরিত্রের জন্য উপযুক্ত নাও হতে পারি। তাই তারা ধর্মেন্দ্রকে নেন। আমার আর জয়ার ওই সিনেমার সেটেই প্রথম দেখা। আর এরপর কি হল, আমি বলব না।”

হৃষিকেশ মুখার্জি পরিচালিত গুড্ডি সিনেমা মুক্তি পায় ১৯৭১ সালে। 

পরিচায়ের বছর দুয়ের পর বিয়ে করেন অমিতাভ ও বাঙালি মেয়ে জয়া ভাদুড়ি। এ তারকা দম্পতি জুটি বেঁধে ‘অভিমান’, ‘শোলে’, ‘সিলসিলা’, ‘কভি খুশি কভি গম’-এর মত হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।

বিয়ের একমাস পর অমিতাভ-জয়া জুটির প্রথম সিনেমা ‘অভিমান’ তুমুল জনপ্রিয়তা পায় দুজনের অভিনয় গুণে, সিনেমার গান আর গল্পেও।