Published : 10 Apr 2026, 08:12 PM
নিজের সম্পর্কে রাখঢাক রেখে কথা বলা স্বভাবে নেই বলিউডি অভিনেতা অক্ষয় কুমারের।
মুম্বাইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘হুইল অব ফরচুন’ এ তার স্কুলজীবনের এক অজানা অধ্যায় সামনে এসেছে।
শো চলার সময় দর্শকের আসন থেকে নিজের শৈশবের বন্ধু জিনেশকে পরিচয় করিয়ে দেন অক্ষয়। পুরোনো দিনে ফিরে গিয়ে অক্ষয় বলেন তিনি আর জিনেশ একসঙ্গে কেজি থেকে পড়াশোনা করেছি।
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “শুনলে হয়ত হাসনেব কেজি থেকে নবম শ্রেণির মধ্যে আমরা তিন-তিনবার ফেল করেছি।”
জিনেশ বলেন, তিনি ফেল করতেন। এ কথায় বন্ধুর উদ্দেশে অক্ষয় বলেন, “তুমি কেন ফেল করলে? আমার সঙ্গে সময় কাটানোর কারণেই!”
এ কথায় হাসির রোল ওঠে দর্শক সারি থেকে। অক্ষয়ের ভাষ্য, পড়াশোনার চেয়ে বন্ধুর সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করতেন তিনি।
সারা শহর সাইকেল চেপে কীভাবে ঘুরে তারা ঘুরে বেড়াতেন সেই গল্পও করেছেন অক্ষয়।
অক্ষয়ের বন্ধু বলেন, সাইকেল চেপে ঘোরার সময় পথে কোনো সুন্দরী মেয়ে দেখলে অক্ষয়ের ভাবভঙ্গি বদলে যেত।
আগামী ১৬ এপ্রিল মুক্তি পাচ্ছে অক্ষয়ের সিনেমা ‘ভূত বাংলা’। প্রথমে ১৫ মে মুক্তির কথা থাকলেও বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর প্রভাবের কারণে মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে।
এই কাজের মাধ্যমে পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ১৪ বছরের বেশি সময় পর কাজ করেছেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। অতীতে অক্ষয়-প্রিয়দর্শন ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মাসালা’সহ একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।
পরিচালক প্রিয়দর্শন এই সিনেমা্য় নতুন চমক রেখেছেন। গল্পের প্রেক্ষাপট মঙ্গলপুর গ্রাম। এক রহস্যময় জায়গা। সেই গ্রামকে অভিশপ্ত বললেও অত্যুক্তি হবে না! কারণ এই গ্রামে বিয়ের সানাই বাজলেই ভয়ের সব ঘটনা ঘটে। তাই গ্রামে বিয়ে মানেই আতঙ্ক! তবে ‘ভূত বাংলা’য় ওই গ্রামে বিয়েতে আসা অতিথিরা সে সম্পর্কে আগে থেকে ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু সেখানে থাকতে গিয়েই নানা অদ্ভুত সব ঘটনার শিকার হতে হয় সবাইকে।
ট্রেইলারে ধরা পড়েছে পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানির সঙ্গে অক্ষয় কুমারের কৌতুক সমীকরণ। আছেন ওয়ামিকা গাব্বি, দুই বাঙালি অভিনেতা রাজেশ শর্মা, যিশু সেনগুপ্তও। পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন যিশু। ট্রেইলারের ভিডিওতে অভিনেত্রী টাবুর চরিত্রের মধ্য দিয়ে অতিপ্রাকৃত বিষয়ের ইঙ্গিতও দিয়েছেন পরিচালক।
এই সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়।