ব্যাংককে ‘মেমফিস মে ফায়ার’ কনসার্টে বাংলাদেশের রাহুল
আগামী ২০ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে হবে এই কনসার্ট।
মার্কিন মেটাল ব্যান্ড ‘মেমফিস মে ফায়ার’ এর সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের মেটাল ব্যান্ড 'এ কে রাহুল দ্য ব্যান্ড'।
আগামী ২০ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘দ্য স্ট্রিট রাচাডা’ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
'এ কে রাহুল দ্য ব্যান্ডের' গায়ক রাহুল গ্লিটজকে বলেন, “‘মেমফিস মে ফায়ার’ ব্যান্ড বিশ্বব্যাপী ট্যুর করে থাকে, আমরা এশিয়ার অংশ হিসেবে ব্যাংককে তাদের সঙ্গে পারফর্ম করতে যাচ্ছি।
“এই ব্যান্ডের সঙ্গে বাজাতে অনেক ব্যান্ড চেষ্টা করে। আমরা সেই জায়গায় সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা সেখানে আলাদা পারফর্ম করব এবং আমাদের মৌলিক গানগুলো শুনাবো।”
রাহুল বলেন, “সাধারণত দেখা যায় বিদেশে কোনো কনসার্টে গেলে শিল্পীরা সেখানকার বাংলাদেশি দর্শকদের সামনে পারফর্ম করে থাকেন। কিন্তু আমরা পুরোটাই বিদেশি দর্শকদের সামনে পারফর্ম করব। এটা আসলে বাংলাদেশি মেটাল ব্যান্ডের জন্য অনেক বড় সুযোগ।”
আয়োজনটি পরিচালনা করছে ‘স্কেশ এন্টারটেইনমেন্ট’। কনসার্টের উদ্দেশ্যে দলটি ঢাকা ছাড়ছে আগামী ১৯ এপ্রিল।
'এ কে রাহুল দ্য ব্যান্ডের' বর্তমান সদস্যরা হলেন ভোকালে রাইয়ান ডিও, গিটারে এ. কে. রাহুল ও মাহদি, বেস গিটারে অনিক, ড্রামসে দীপ।
